রায়পুরে সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে তিন শ্রমিকের মৃত্যু
রায়পুর, ১৮ মার্চ (হি.স.): ছত্তিশগড়ের রায়পুরে সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে মর্মান্তিক দুর্ঘটনায় তিন সাফাইকর্মীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে পাচপেড়ি নাকা এলাকায় অবস্থিত রামকৃষ্ণ কেয়ার হাসপাতালে এই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদের নাম গ
রায়পুরে সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে তিন শ্রমিকের মৃত্যু


রায়পুর, ১৮ মার্চ (হি.স.): ছত্তিশগড়ের রায়পুরে সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে মর্মান্তিক দুর্ঘটনায় তিন সাফাইকর্মীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে পাচপেড়ি নাকা এলাকায় অবস্থিত রামকৃষ্ণ কেয়ার হাসপাতালে এই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদের নাম গোবিন্দ সেন্দ্র (৩৫), অনমোল মাচকান (২৫) এবং প্রশান্ত কুমার (২২)। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সেপটিক ট্যাঙ্ক পরিষ্কারের সময় ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে দমবন্ধ হয়ে তারা অজ্ঞান হয়ে পড়েন। পরে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসাধীন অবস্থায় তিনজনেরই মৃত্যু হয়।

টিকরাপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক এবং এডিসিপি (পশ্চিম) রাহুল দেব শর্মা ঘটনায় তিন জন শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। তদন্তের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যার মামলা দায়ের করা হতে পারে।

ঘটনার পর হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়ায়। মৃতদের পরিবারের সদস্যরা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, শ্রমিকদের কোনও রকম নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই ট্যাঙ্কে নামানো হয়েছিল।

হাসপাতালের ডিরেক্টর ডঃ সন্দীপ ঘটনাটিকে দুঃখজনক বলে উল্লেখ করে জানান, শ্রমিকরা এজেন্সির মাধ্যমে নিযুক্ত ছিলেন। মৃতদের পরিবারকে ১৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ এবং পরিবারের একজনকে চাকরি দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

এদিকে, হাসপাতাল কর্তৃপক্ষ সংশ্লিষ্ট এজেন্সিকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে। এজেন্সির পক্ষ থেকে দাবি করা হয়েছে, নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার আগেই শ্রমিকরা ট্যাঙ্কে নেমে পড়েছিলেন। ঘটনায় টিকরাপাড়া ও নিউ রাজেন্দ্র নগর থানার পুলিশ মোতায়েন রয়েছে এবং তদন্ত চলছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande