
দক্ষিণ ২৪ পরগনা, ১৮ মার্চ (হি.স.): বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ক্যানিং পশ্চিম বিধানসভার বাঁশড়া গ্রাম পঞ্চায়েতের সংগ্রামীনগরের ঘটনা। শুভময় মান্না ও তাঁর পরিবারের উপর হামলা চালানো হয়। ঘটনায় এক মহিলা–সহ তিনজন গুরুতর জখম হয়েছেন। আহতদের ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় অভিযোগের আঙুল স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান কাশেম সর্দার ও তার অনুগামীদের বিরুদ্ধে। বুধবার বিকেলে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়।
স্থানীয় সূত্রের খবর, এদিন কেন্দ্রের এক বিজেপি কার্যকর্তা নির্বাচনী প্রচারে এলাকায় এসেছিলেন। স্থানীয় কার্যকর্তাদের নিয়ে বৈঠকের পাশাপাশি বাচ্চু মান্নার বাড়িতে দুপুরের আহারের ব্যবস্থা ছিল। অভিযোগ যখন এসব সেখানে চলছিল, তখন স্থানীয় পঞ্চায়েতের তৃণমূল সদস্যা বাচ্চু মান্নার বাড়ির ছবি তোলে। তার প্রতিবাদ করতেই লোকজন নিয়ে এসে ওই পঞ্চায়েত সদস্যা হামলা চালায় বাচ্চু মান্নার বাড়িতে। মারধর করা হয় বাচ্চু সহ তাঁর ছেলে শুভময় ও তাঁর স্ত্রীকে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। এলাকায় বিজেপি দল করার কারণেই এই হামলা বলে দাবি তাঁদের।
এদিকে নির্বাচন ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজনৈতিক হিংসা শুরু হয়ে যাওয়ায় এলাকার সাধারণ মানুষজন আতঙ্কিত। যদিও এই অভিযোগ মানতে চায়নি তৃণমূল। তাঁদের দাবি, স্থানীয় পঞ্চায়েত সদস্যা স্বপ্না হালদার এলাকায় দেওয়াল লিখছিলেন, তাঁকেই কটূক্তি করেন বিজেপির লোকজন। প্রতিবাদ করলে চুলের মুঠি ধরে মারধর করা হয় স্বপ্নাকে। এ নিয়েই অশান্তি হয়েছে। বিজেপি যে অভিযোগ করছে তা ভিত্তিহীন বলে মত তৃণমূলের।
---------------
হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা