
কোচবিহার, ১৮ মার্চ (হি. স.): নির্বাচন ঘোষণার পর জোরকদমে প্রচার শুরু করেছে সব রাজনৈতিক দল। কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকুমার রায়ও পূজার্চনার মধ্য দিয়ে নিজের নির্বাচনী প্রচার শুরু করলেন।বুধবার সকালে তিনি প্রথমে জেলার ঐতিহাসিক বাণেশ্বর শিব মন্দিরে পুজো দেন। এরপর কোচবিহারের মদনমোহন মন্দিরে পুজো দেন তিনি। এই সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী এবং বিজেপির অন্যান্য নেতা-কর্মীরা। পুজো দেওয়ার পর বাণেশ্বর বাজার এলাকায় প্রচার চালান সুকুমার রায়। পাশাপাশি পুন্ডিবাড়ি এলাকাতেও তিনি প্রচার কর্মসূচিতে অংশ নেন।সুকুমার রায় জানান, গতবারও তিনি বাণেশ্বর শিব মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেছিলেন। এবারও একইভাবে প্রচার শুরু করলেন। তিনি দাবি করেন, সারা বছরই তিনি বিধানসভার বিভিন্ন এলাকায় মানুষের সঙ্গে থেকেছেন এবং তাঁদের বিপদে-আপদে পাশে দাঁড়িয়েছেন। বিভিন্ন সময় সভা, মিছিল ও সাংগঠনিক কর্মসূচির মাধ্যমে মানুষের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছেন। তাঁর আশা, কোচবিহার উত্তর বিধানসভার মানুষ তাঁকে আশীর্বাদ করবেন।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়