
হাওড়া, ১৮ মার্চ (হি. স.): বিধানসভা নির্বাচন উপলক্ষে শিবপুর কেন্দ্রে প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ। বুধবার বিকেলে তিনি রামরাজাতলার শঙ্কর মঠে পুজো দিয়ে নিজের নির্বাচনী প্রচার শুরু করেন।এদিন প্রথমে মঠে গিয়ে মহারাজের আশীর্বাদ নেন তিনি। এরপর দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে মিছিল করে রাম মন্দিরে পৌঁছন এবং সেখানে পুজো দেন। পুজো শেষে কামারডাঙা এলাকা পর্যন্ত জনসংযোগ কর্মসূচিতে অংশ নেন রুদ্রনীল ঘোষ। প্রচারে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় বিজেপি নেতৃত্ব ও বহু কর্মী-সমর্থক।প্রচার শুরুর দিনেই আত্মবিশ্বাসী সুর শোনা যায় তাঁর গলায়। তিনি বলেন, মহারাজ তাঁকে আশীর্বাদ করেছেন যাতে এলাকার মানুষ অপশাসন থেকে মুক্তি পায়। পাশাপাশি তিনি দাবি করেন, তিনি শিবপুরেরই ভূমিপুত্র। এলাকার মানুষ তাঁকে রুদ্রনীল ঘোষ নামে নয়, “বাবাই” নামেই বেশি চেনেন।এই পরিচিতি ও দীর্ঘদিনের যোগাযোগের ভিত্তিতেই তিনি আশাবাদী, শিবপুরের মানুষ তাঁকেই সমর্থন করবেন। আসন্ন নির্বাচনে জয় নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী বিজেপি প্রার্থী।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়