
মুর্শিদাবাদ, ১৮ মার্চ (হি. স.): বুধবার মুর্শিদাবাদ জেলার ফরাক্কা থানার অন্তর্গত ভবানীপুর এলাকায় একটি ব্যাগভর্তি তাজা বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে বোমাগুলি উদ্ধার করে ফরাক্কা থানার পুলিশ।বুধবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, এলাকায় একটি সন্দেহজনক ব্যাগ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এরপর ব্যাগটি তল্লাশি চালাতেই ভিতর থেকে একাধিক তাজা বোমা উদ্ধার হয়। সঙ্গে সঙ্গেই গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ এবং সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে কড়া নজরদারি শুরু করা হয়।পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে সঙ্গে সঙ্গে বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর দেওয়া হয়। তারা এসে বোমাগুলি নিষ্ক্রিয় করার কাজ শুরু করে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কোনও অসৎ উদ্দেশ্যে ওই বোমাগুলি সেখানে মজুত করা হয়েছিল।ঘটনার পর থেকেই এলাকায় আতঙ্ক ও উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। যদিও এখনও পর্যন্ত এই ঘটনার সঙ্গে কারা জড়িত, তা স্পষ্ট নয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং দোষীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়