
পশ্চিম মেদিনীপুর, ১৮ মার্চ (হি. স.): পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতনে বুধবার বেলা প্রায় ১১টা নাগাদ একটি বিশালাকার ড্রোন হঠাৎ ধানক্ষেতে ভেঙে পড়ায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয় কৃষকেরা মাঠে কাজ করার সময় আচমকাই আকাশ থেকে একটি হেলিকপ্টার সদৃশ যন্ত্র নেমে এসে পড়তে দেখেন। পরে কাছে গিয়ে তাঁরা দেখতে পান সেটি একটি বড় আকারের ড্রোন, যার সঙ্গে ক্যামেরা সংযুক্ত রয়েছে।ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দাঁতন থানার পুলিশ। ড্রোনটি কোথা থেকে এসেছে এবং কীভাবে জনবহুল এলাকার কৃষিজমিতে ভেঙে পড়ল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে কৌতূহলের পাশাপাশি আতঙ্কও ছড়িয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ড্রোনটির গঠন হেলিকপ্টারের মতো এবং এতে উচ্চক্ষমতাসম্পন্ন ক্যামেরা বসানো রয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এটি কোনও নজরদারি বা প্রযুক্তিগত কাজে ব্যবহৃত হতে পারে। তবে এর মালিকানা সম্পর্কে এখনও স্পষ্ট তথ্য মেলেনি।ইতিমধ্যেই ড্রোনটি উদ্ধার করে তদন্ত শুরু করেছে জেলা পুলিশ। প্রয়োজনে বিশেষজ্ঞদের সাহায্য নিয়ে পুরো ঘটনার উৎস ও কারণ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়