
উত্তর ২৪ পরগনা, ১৮ মার্চ (হি. স.): উত্তর ২৪ পরগনার মিনাখাঁর খড়িবেড়িয়া এলাকায় খাদ্যে বিষক্রিয়ার জেরে শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়ায় বুধবার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, এলাকায় একটি ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, যেখানে গ্রামের বহু মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ভোজের ব্যবস্থাও ছিল। সেই খাবার খাওয়ার পর থেকেই একে একে অসুস্থ হতে শুরু করেন গ্রামবাসীরা।অসুস্থদের মধ্যে বমি, জ্বর ও তীব্র পেটব্যথার উপসর্গ দেখা যায়। এ দিন ভোর থেকে আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়তে থাকে এবং ইতিমধ্যেই তা শতাধিক ছাড়িয়েছে বলে জানা গিয়েছে। গুরুতর অসুস্থ কয়েকজনকে মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও বহু মানুষ গ্রামেই অসুস্থ অবস্থায় রয়েছেন।চিকিৎসকদের প্রাথমিক অনুমান, দূষিত খাবার খাওয়ার ফলেই এই খাদ্যে বিষক্রিয়ার ঘটনা ঘটেছে। স্বাস্থ্য দফতর পুরো পরিস্থিতির ওপর নজর রাখছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।এদিকে খবর পেয়ে স্বাস্থ্যকর্মীরা দ্রুত গ্রামে পৌঁছে অসুস্থদের প্রাথমিক চিকিৎসা শুরু করেছেন। ওআরএস ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তৎপরতা শুরু হয়েছে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়