
হাওড়া, ১৮ মার্চ (হি. স.): পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল আর এন রবি বুধবার বিকেলে সস্ত্রীক বেলুড় মঠে দর্শনে যান। এদিন বিকেল প্রায় পাঁচটা নাগাদ তিনি বেলুড় মঠে পৌঁছন। তাঁর আগমনকে কেন্দ্র করে মঠ চত্বরে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, আগেভাগেই গোটা এলাকা নিরাপত্তার মোড়কে ঘিরে ফেলা হয় এবং নজরদারি বাড়ানো হয়। উপস্থিত ছিলেন হাওড়া সিটি পুলিশের পদস্থ আধিকারিক, জেলা প্রশাসনের কর্তা এবং অন্যান্য নিরাপত্তা বাহিনী। নিরাপত্তার স্বার্থে র্যাফও মোতায়েন করা হয়েছিল।মঠে পৌঁছে রাজ্যপাল প্রথমে মূল মন্দিরে ঠাকুর শ্রীশ্রী রামকৃষ্ণ-এর দর্শন করেন। তিনি স্বামী বিবেকানন্দ ও সারদা দেবী-র মন্দিরেও পুজো দেন। এরপর তিনি রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট মহারাজের সঙ্গে সাক্ষাৎ করেন এবং আশীর্বাদ গ্রহণ করেন। মঠের পক্ষ থেকে তাঁকে পুজোর ফুল ও প্রসাদ প্রদান করা হয়। প্রায় এক ঘণ্টা তিনি মঠে কাটান।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়