

নয়াদিল্লি, ১৮ মাৰ্চ (হি.স.) : ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দেওয়ার সিদ্ধান্তের পর লোকসভার সদস্যপদে ইস্তফা দিয়েছেন সদ্যপ্রাক্তন কংগ্রেস নেতা এবং নগাঁওয়ের সাংসদ প্রদ্যুৎ বরদলৈ। জানিয়েছেন নিজেই। পাশাপাশি, আসন্ন অসম বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।
বিজেপিতে যোগদানের পর মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেছেন প্রদ্যুৎ। বৈঠকে ছিলেন বিজেপি নেতা কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। বাইরে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বরদলৈ বলেন, বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ তাঁকে রাজ্যের নির্বাচনী লড়াইয়ে অংশ নেওয়ার পরামর্শ দিয়েছেন।
তিনি বলেন, ‘আমি সদ্য আমার লোকসভা আসন থেকে পদত্যাগ করেছি। আমি অমিত শাহের সঙ্গে দেখা করেছি। তাঁর সঙ্গে খোলামেলা কথা হয়েছে। পরিস্থিতি সম্পর্কে সম্পূর্ণ অবগত তিনি। তিনি আমাকে অসমে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পরামর্শ দিয়েছেন। আমাকে এ বিষয়ে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে, শীঘ্রই জানাব।’
সংসদ থেকে তাঁর পদত্যাগ এবং বিজেপিতে যোগদান অসমের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে, বিশেষ করে রাজ্য বিধানসভা নির্বাচনের আগে। নগাঁও থেকে দুবারের সাংসদ এবং রাজ্যের চারবারের বিধায়ক, প্রাক্তন মন্ত্রী প্ৰদ্যুৎ বরদলৈকে আপার আসামের একজন প্রভাবশালী নেতা হিসেবে ধরা হয়। তাঁর সম্ভাব্য প্রার্থিত্ব গুরুত্বপূর্ণ আসনগুলির নির্বাচনী সমীকরণ বদলে দিতে পারে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস