
পূর্ব মেদিনীপুর, ১৮ মার্চ (হি. স.): তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা ঘিরে ক্ষোভ প্রকাশ করে দলীয় ও প্রশাসনিক পদ থেকে ইস্তফা দিলেন পূর্ব মেদিনীপুরের নেত্রী শিবানী দে কুন্ডু। বুধবার নন্দকুমার পঞ্চায়েত সমিতি কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।বুধবার শিবানী দে কুন্ডু বলেন, এবারের প্রার্থী তালিকায় পূর্ব মেদিনীপুর জেলায় মহিলা প্রার্থীদের যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি। এই বিষয়টি তাঁর কাছে অত্যন্ত হতাশাজনক বলেই তিনি উল্লেখ করেন। দীর্ঘ ১৩ বছরের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, এই পরিস্থিতিতে সক্রিয় রাজনীতি থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।এদিন তিনি তমলুক সাংগঠনিক জেলার মহিলা সংগঠনের সভানেত্রী পদ এবং নন্দকুমার পঞ্চায়েত সমিতির সভাপতির পদ থেকে পদত্যাগ করেন। যদিও পদ ছাড়লেও দল ছাড়ার কোনও ইঙ্গিত এদিন দেননি তিনি। বরং ভবিষ্যতে দলের সমর্থক হিসেবেই কাজ করতে চান বলে জানান।অন্যদিকে, বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়েও জল্পনা তৈরি হলেও তা সম্পূর্ণ উড়িয়ে দেন শিবানী দে কুন্ডু। তাঁর কথায়, “দলবদলের কোনও প্রশ্নই নেই।” এই ঘটনাকে ঘিরে জেলার রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়