
দুর্গাপুর, ১৮ মার্চ (হি.স.): একটি বাড়িতে চুরির অভিযোগে দুর্গাপুরে এক নাবালিকা সহ তার মা-বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে আদালত তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবার দুর্গাপুর ইস্পাত নগরীর সি-জোনের নেহেরু অ্যাভিনিউ এলাকায় একটি কোয়ার্টার থেকে সোনার গয়না ও নগদ টাকা চুরির অভিযোগ ওঠে। এই ঘটনায় বিমল মাহাতো ও তাঁর স্ত্রী বি-জোন ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন।
তদন্তে নেমে পুলিশ তরুণ ভান্ডারী, তাঁর স্ত্রী পিঙ্কি ভান্ডারী এবং তাঁদের নাবালিকা মেয়েকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তাঁদের গ্রেফতার করা হয়।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, অভিযুক্ত নাবালিকা ও অভিযোগকারীর মেয়ের মধ্যে বন্ধুত্ব ছিল। অভিযোগ, সেই সূত্রে ঘটনার দিনে ওই নাবালিকা অভিযোগকারীর পরিবারকে বেড়াতে যাওয়ার জন্য রাজি করায়। পরিবারের সদস্যরা বাইরে গেলে ফাঁকা বাড়িতে চুরির ঘটনা ঘটে।
অভিযোগ অনুযায়ী, সোনার গয়না ও নগদ মিলিয়ে প্রায় ৪ লক্ষ টাকার সামগ্রী চুরি হয়েছে।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা