
আগরতলা, ১৮ মার্চ (হি.স.) : ত্রিপুরা বিধানসভার দ্বাদশ অধ্যক্ষ হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন বিজেপি বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী রামপদ জমাতিয়া। অধ্যক্ষ পদে অন্য কোনও প্রার্থী না থাকায় তিনি সর্বসম্মতভাবেই এই গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্বে নির্বাচিত হন। তাঁর এই নির্বাচনের মধ্য দিয়ে রাজ্যের রাজনৈতিক মহলে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে বলে মনে করা হচ্ছে।
বুধবার ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশনের চতুর্থ দিনের প্রথম পর্বেই অধ্যক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়। ট্রেজারি বেঞ্চের পক্ষ থেকে নতুন অধ্যক্ষ হিসেবে রামপদ জমাতিয়ার নাম প্রস্তাব করেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। প্রস্তাব উপস্থাপন করতে গিয়ে মুখ্যমন্ত্রী তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, প্রশাসনিক দক্ষতা এবং জনসংযোগের ক্ষমতার কথা তুলে ধরেন। তিনি বলেন, রামপদ জমাতিয়া একজন অভিজ্ঞ ও বিচক্ষণ নেতা, যিনি অতীতে বিভিন্ন দায়িত্ব সফলভাবে পালন করেছেন। নতুন অধ্যক্ষ হিসেবে তিনি বিধানসভার কার্যক্রমকে সুষ্ঠু, নিরপেক্ষ ও গণতান্ত্রিকভাবে পরিচালনা করবেন বলেই আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী আরও বলেন, বিধানসভার অধ্যক্ষের পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ। এই পদে থেকে সকল দলের বিধায়কদের সমান গুরুত্ব দিয়ে পরিচালনা করা এবং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা করা অত্যন্ত জরুরি। তিনি আশা প্রকাশ করেন, নতুন অধ্যক্ষ তাঁর নিরপেক্ষতা ও বিচক্ষণতার মাধ্যমে রাজ্যের রাজনৈতিক ইতিহাসে একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবেন।
এদিন নবনির্বাচিত অধ্যক্ষকে অভিনন্দন জানান বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী । তিনি বলেন, রামপদ জমাতিয়ার সঙ্গে তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক সম্পর্ক রয়েছে। তিনি একজন অভিজ্ঞ রাজনীতিবিদ এবং বিধানসভার কার্যপ্রণালী সম্পর্কে সুপরিচিত। নতুন দায়িত্বে তিনি সফল হবেন বলে আশা ব্যক্ত করেন বিরোধী দলনেতা।
নির্বাচনের পর বিধানসভায় এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ লক্ষ্য করা যায়। মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা, বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরী, মন্ত্রী অনিমেষ দেববর্মা, মন্ত্রী শুক্লা চরণ নয়াতিয়া এবং কংগ্রেসের পরিষদীয় নেতা বীরজিৎ সিনহা নবনির্বাচিত অধ্যক্ষকে তাঁর আসনে নিয়ে যান। তাঁরা পুষ্পস্তবক দিয়ে তাঁকে অভিনন্দন জানান এবং নতুন দায়িত্ব পালনে শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, প্রাক্তন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের প্রয়াণে এই পদটি দীর্ঘদিন শূন্য ছিল। তাঁর মৃত্যুর পর উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অবশেষে নতুন অধ্যক্ষ নির্বাচনের মাধ্যমে সেই শূন্যতা পূরণ হল।
এদিন নবনির্বাচিত অধ্যক্ষকে অভিনন্দন জানান উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল এবং রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়-সহ অন্যান্য বিধায়করাও। রাজনৈতিক মহলের মতে, রামপদ জমাতিয়ার অভিজ্ঞতা ও প্রশাসনিক দক্ষতা বিধানসভার কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করে তুলবে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ