
উত্তর ২৪ পরগনা, ১৯ মার্চ (হি. স.):- বসিরহাট মহকুমার স্বরূপনগরে নার্সিংহোমের চরম গাফিলতির অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। জীবিত এক নবজাতক কন্যাকে মৃত ঘোষণা করে বাড়িতে পাঠিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে একটি বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে স্বরূপনগর থানার গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের পূর্ব পোলতা গ্রামে।বৃহস্পতিবার স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২৮ বছর বয়সী রুবিনা পারভিন প্রসব যন্ত্রণায় বুধবার বিকেলে বসিরহাটের একটি নার্সিংহোমে ভর্তি হন। সেখানে তিনি একটি কন্যা সন্তানের জন্ম দেন। অভিযোগ, কিছুক্ষণ পর নার্সিংহোম কর্তৃপক্ষ পরিবারকে জানায়, নবজাতকটি মৃত। এরপর শিশুটিকে প্যাকেটবন্দি করে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।প্রায় পাঁচ ঘণ্টা পরে, রাত দশটা নাগাদ পরিবার প্যাকেট খুলতেই দেখতে পায়, শিশুটি নড়াচড়া করছে। তড়িঘড়ি তাকে বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে শিশুটি সিসিইউ-তে ভর্তি এবং চিকিৎসাধীন, তবে অবস্থার উন্নতি হয়েছে বলে জানা গেছে।এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে পরিবার। ইতিমধ্যে স্বরূপনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন পরিবার।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়