
পাটনা, ১৯ মার্চ (হি.স.) : বিহারের আবহাওয়া আগামী ২৪ ঘণ্টা শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। তবে কিছু কিছু স্থানে বজ্রবিদ্যুৎ–সহ ঝড়ের সম্ভাবনা আছে। ২০ থেকে ২২ মার্চ পর্যন্ত উত্তর ও দক্ষিণ-পূর্বে বজ্রবিদ্যুৎ–সহ ঝড়ের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার পাটনা সহ ১৫টি জেলায় সর্বোচ্চ তাপমাত্রা হ্রাস পেয়েছে।
আবহাওয়া দফতরের মতে, বিগত ২৪ ঘণ্টায় পাটনায় সর্বোচ্চ তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াস কমে ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। কৈমুর জেলার ভাবুয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। নালন্দায় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২৬ কিমি। রাজধানী এবং তার পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া শুষ্ক ছিল এবং সন্ধ্যায় আকাশ আংশিক মেঘলা ছিল।
আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছে , ২০ মার্চ থেকে বিহারে আরও এক দফা বজ্রবিদ্যুৎ–সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া বিভাগ শুক্রবার থেকে বিহারের ১২টি জেলার জন্য বজ্রবিদ্যুৎ–সহ ঝড়ের সতর্কতা জারি করেছে। যার মধ্যে রয়েছে শিবহর, সীতামঢ়ী, বৈশালী, মুজাফফরপুর, দারভাঙ্গা, মধুবনী এবং সমস্তিপুর। এই ১৯টি জেলায় ঘণ্টায় ৪০ কিলোমিটার পর্যন্ত বেগে প্রবল বাতাস বইবে বলেও আশঙ্কা করা হচ্ছে। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ–সহ ঝড় ও বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ২১ মার্চ বিহারের ৩৮টি জেলাতেই প্রতিকূল আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। রাজ্যজুড়ে বজ্রসহ বৃষ্টি এবং প্রবল বাতাসের পূর্বাভাস রয়েছে। এই পরিপ্রেক্ষিতে আবহাওয়া দফতর একটি হলুদ সতর্কতা জারি করেছে। ২২ মার্চ বিহারের পূর্বাঞ্চলে, যার মধ্যে সুপোউল, আরারিয়া, কিষাণগঞ্জ, সহরসা, মাধেপুরা, পূর্ণিয়া, কাটিহার, ভাগলপুর, বাঁকা, জামুই, মুঙ্গের এবং খাগাড়িয়া অন্তর্ভুক্ত, সেখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন