
হাওড়া, ১৯ মার্চ (হি.স.): ভোটের দিনক্ষণ ঘোষণা হয়েছে কয়েক দিন আগেই। ইতিমধ্যে হাওড়ায় রুট মার্চ শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। এরই মধ্যে বুধবার রাতে ডোমজুড় থানার সলপ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার সলপ বাজারে এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে নগদ টাকা ও গয়না ভর্তি ব্যাগ ছিনতাই করার অভিযোগ উঠলো বাইকারোহী দুই দুষ্কৃতীর বিরুদ্ধে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শৈলেন কর নামে ওই ব্যবসায়ী বুধবার রাত সাড়ে ১০টা নাগাদ যখন দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন, তখন তাঁর হাত থেকে প্রায় ১০ লক্ষাধিক টাকার গয়না ও নগদ টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে পালায় অভিযুক্তেরা। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তদন্ত শুরু করেছে পুলিশ। রাস্তার ও ঘটনাস্থলের আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে দেখছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ