
হাফলং (অসম), ২ মাৰ্চ (হি.স.) : রাজ্যে বিধানসভা নির্বাচন ২০২৬-এর পরিপ্রেক্ষিতে ডিমা হাসাওয়ের ডিস্ট্ৰিক্ট ম্যাজিস্ট্রেট তথা জেলাশাসক মুনীন্দ্রনাথ নাগাতে পাহাড়ি জেলায় আইন-শৃঙ্খলা বজায় রাখার জন্য ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (বিএনএসএস) ২০২৩-এর ১৬৩ ধারার অধীনে এক আদেশ জারি করেছেন। আদেশ অনুসারে জেলায় আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক, দাহ্য পাদাৰ্থ এবং ধারালো অস্ত্রশস্ত্ৰ বহন করা কঠোরভাবে নিষিদ্ধ।
সমস্ত লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্ৰধারীদের ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং নির্দিষ্ট কতিপয় ক্রীড়াবিদদের মতো অব্যাহতিপ্রাপ্ত বিভাগ ছাড়া অবিলম্বে নিকটতম থানায় তাঁদের আগ্নেয়াস্ত্ৰ ও গুলি জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন জেলাশাসক। জেলাশাসকের নির্দেশে উল্লেখ করা হয়েছে, এই নির্দেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।
জেলা প্রশাসনের লক্ষ্য, ডিমা হাসাও জেলায় শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়া নিশ্চিত করা, বলা হয়েছে আদেশে।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব