
কলকাতা, ২ মার্চ (হি. স.): পর্যটন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি দিতে উদ্যোগী হলো 'অ্যাসোসিয়েশন অব সার্ভিস প্রোভাইডার্স অব বেঙ্গল' (এটিএসপিবি)। সোমবার কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তিন রাজ্যের পর্যটন বিভাগের প্রাক্তন আধিকারিকদের সম্মানিত করা হয়। এদিন সম্মাননা পেলেন মধ্যপ্রদেশ ট্যুরিজমের প্রাক্তন আধিকারিক অভিজিৎ ধর, ইন্ডিয়া ট্যুরিজমের পূর্ব ভারতের প্রাক্তন সহ-অধিকর্তা জ্যোতির্ময় বিশ্বাস এবং মেঘালয় ট্যুরিজমের প্রাক্তন আধিকারিক সুরজিৎ বসু।
এদিন অনুষ্ঠানের সূচনা করেন ভারতীয় পর্যটন মন্ত্রকের 'ইন্ডিয়া ট্যুরিজম'-এর পূর্বাঞ্চলীয় আঞ্চলিক অধিকর্তা প্রণব প্রকাশ। তিনি বলেন, মন্ত্রকের সহায়তায় এটিএসপিবি-র এই উদ্যোগ পর্যটন শিল্পের প্রসারে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অনুষ্ঠানে নৃত্য পরিবেশনকারী শিল্পীদের ভূয়সী প্রশংসা করে তিনি আরও বলেন, “আমাদের এই সমৃদ্ধ ঐতিহ্য ও সংস্কৃতিই বিদেশি পর্যটকদের ভারতে আকর্ষিত করে।” অনুষ্ঠানে দুই বিদেশি অতিথির উপস্থিতিও বিশেষভাবে নজর কাড়ে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজস্থান ট্যুরিজমের কলকাতার ভারপ্রাপ্ত আধিকারিক হিংলাজ দন রত্নু, ছত্তীশগড় ট্যুরিজমের আধিকারিক চিন্ময় দাশগুপ্ত এবং হিমাচল প্রদেশ ট্যুরিজমের আধিকারিক বৃন্দাবন মণ্ডল।
সাংস্কৃতিক পর্বে বালি ময়ূরী নৃত্য সংস্থা ও নিত্যাঙ্গন ড্রিম ড্যান্স অ্যাকাডেমির ছাত্রীদের পরিবেশনা বসন্ত উৎসবের সূচনাকে এক অন্য মাত্রা দেয়। অনুষ্ঠানের শেষে বাংলা লোকসংগীতের ব্যান্ড ‘রঙ্গিলা বাও’-এর গান উপস্থিত সকলকে বসন্তের রঙে মাতিয়ে তোলে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত