
কলকাতা, ২ মার্চ (হি. স.): ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম ও ‘তথ্যগত অসঙ্গতি’র অভিযোগ তুলে মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতরে স্মারকলিপি জমা দিল এসইউসিআই (কমিউনিস্ট)। সোমবার বিক্ষোভ মিছিলের পর দলের কেন্দ্রীয় কমিটির সদস্য দেবাশিস রায়ের নেতৃত্বে এক প্রতিনিধিদল সিইও-র সঙ্গে সাক্ষাৎ করে তিন দফা দাবি পেশ করে। প্রতিনিধিদলে ছিলেন রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য তরুণকান্তি নস্কর, সুব্রত গৌড়ী, নভেন্দু পাল ও মৃদুল সরকার।দলের অভিযোগ, নির্বাচন কমিশন ২৮ ফেব্রুয়ারি যে সংশোধিত তালিকা প্রকাশ করেছে তা অসম্পূর্ণ। তাঁদের দাবি, ইতিমধ্য়ে বাদ পড়া ৫৮ লক্ষ ২০ হাজার নামের পাশাপাশি আরও প্রায় সাড়ে পাঁচ লক্ষ নাম তালিকা থেকে বাদ গিয়েছে। এছাড়া ‘তথ্যগত অসঙ্গতি’র কারণে ৬০ লক্ষেরও বেশি নাম বিচারাধীন অবস্থায় রয়েছে। অভিযোগ উঠেছে যে, অনেককে একাধিকবার শুনানিতে ডাকা এবং যথাযথ নথিপত্র জমা দেওয়ার পরও তাঁদের ‘ডাউটফুল ফরেনার’ বা ‘সন্দেহভাজন বিদেশি’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।এসইউসিআই-এর দাবি, সংখ্যালঘু ও মহিলাদের ক্ষেত্রেই এই হয়রানি সবথেকে বেশি হচ্ছে। বিশেষত বিবাহের পর পদবি বা ঠিকানা পরিবর্তনের মতো স্বাভাবিক বিষয়কেও ‘অসঙ্গতি’ হিসেবে দেখানো হচ্ছে। বহু ক্ষেত্রে বানান ভুল বা সামান্য তথ্যগত ত্রুটির জেরেও নাম কাটা গিয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে। দলের বক্তব্য, মনোনয়ন প্রক্রিয়া শেষ হওয়ার আগে সম্পূর্ণ ও সঠিক সংশোধিত তালিকা প্রকাশ না হলে বহু নাগরিক ভোটাধিকার থেকে বঞ্চিত হবেন।মুখ্য নির্বাচনী আধিকারিক সাংবাদিক বৈঠকে ‘ভুলভ্রান্তি’র সম্ভাবনার কথা স্বীকার করলেও, এসইউসিআই-এর স্পষ্ট দাবি— কমিশনকে দ্রুত পদক্ষেপ করে সব যোগ্য ভোটারের নাম পুনরায় তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে এবং স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ করে সবার ভোটাধিকার নিশ্চিত করতে হবে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত