
কলকাতা, ২০ মার্চ (হি.স.): সল্টলেকের পাঁচ নম্বর সেক্টরে পথ দুর্ঘটনায় এক তরুণীর মৃত্যু হয়েছে। জানা গেছে, তাঁর নাম রিম্পা ধাড়া। শুক্রবার পুলিশ সূত্রে জানা গেছে, দক্ষিণ কলকাতার বাসিন্দা ওই তরুণী পাঁচ নম্বর সেক্টরে চাকরি করতেন। বৃহস্পতিবার রাতে অ্যাপ বাইকে করে তিনি বাড়ি ফিরছিলেন। নবদিগন্ত উড়ালপুলের উপরে আবর্জনা ফেলার একটি ডাম্পার পিছন থেকে এসে ওই বাইকে ধাক্কা মারলে ছিটকে পড়েন ওই তরুণী। ডাম্পারের চাকার সামনে পড়ে যান তিনি। বাইক চালকও ছিটকে পড়েন। দ্রুত ঘটনাস্থল থেকে দু'জনকে উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে তরুণীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। তবে বাইক চালকের আঘাত গুরুতর নয়। পুলিশ ওই ডাম্পারের খোঁজ চালাচ্ছে। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ