
দুর্গাপুর, ২০ মার্চ (হি.স.): তপ্ত গ্রীষ্ম শুরুর আগেই জলসংকটে উত্তাল দুর্গাপুর। নলবাহিত পানীয় জলের সরবরাহ ব্যাহত হওয়ায় ক্ষোভে ফেটে পড়লেন বাসিন্দারা। শুক্রবার সগড়ভাঙা মাঝের মোড় এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়ায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে নামে বিশাল পুলিশবাহিনী।
জানা গিয়েছে, ১৭ ও ১৮ মার্চ মেরামতির কাজের জন্য জল সরবরাহ বন্ধ থাকবে বলে ঘোষণা করেছিল ডিপিএল। তবে ১৯ মার্চ পেরিয়েও স্বাভাবিক হয়নি পরিষেবা। বিকল্প হিসেবে ট্যাঙ্কারের মাধ্যমে জল সরবরাহ করা হলেও তা পর্যাপ্ত না হওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠেন বাসিন্দারা।
শুক্রবার সকালে জল না মেলায় সগড়ভাঙা পাম্পিং স্টেশনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা। পরে মুচিপাড়া-বাঁকুড়া রাজ্য সড়ক অবরোধ করা হলে যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়ে। আটকে পড়ে স্কুলবাস ও পণ্যবাহী যান।
অবরোধ তুলতে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা। পরিস্থিতি সামাল দিতে আসা এক স্থানীয় তৃণমূল নেতাকেও ঘিরে ধরে ক্ষোভ উগরে দেন বাসিন্দারা। তাঁদের দাবি, স্থায়ীভাবে জল সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
ঘটনাকে কেন্দ্র করে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানউতোর। জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি স্বপন বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, ভোটের আগে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে ডিপিএলের একাংশের চক্রান্ত রয়েছে।
অন্যদিকে, বিজেপির দুর্গাপুর পশ্চিমের প্রার্থী লক্ষণ ঘড়ুই রাজ্য সরকারের কড়া সমালোচনা করে বলেন, সাধারণ মানুষ জলের অভাবে ভুগলেও শাসকদল উদাসীন। এই ইস্যুতে ভোটেই জবাব দেবে মানুষ।
পরে ঘটনাস্থলে পৌঁছন দুর্গাপুর নগর নিগমের ভাইস চেয়ারম্যান ধর্মেন্দ্র যাদব এবং ডিপিএলের আধিকারিকরা। প্রায় এক ঘণ্টা পর পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।
দুর্গাপুর নগর নিগমের চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায় জানান, পাইপলাইনে লিকেজের কারণে সমস্যা হয়েছে। তা দ্রুত মেরামত করে জল সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দেওয়া হয়েছে। পাশাপাশি বিষয়টি নিয়ে ডিপিএলকে নিগমে তলব করা হয়েছে।
তবে নির্বাচনের আগে এই জলসংকট যে রাজনৈতিক অস্বস্তি বাড়িয়েছে, তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে শিল্পনগরীতে।
---------------
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা