
আগরতলা, ২০ মার্চ (হি.স.) : ত্রিপুরার বিভিন্ন রেল স্টেশনে নিরাপত্তা জোরদার করতে অত্যাধুনিক স্ক্যানার মেশিন বসানোর জন্য কেন্দ্রীয় রেল মন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। শুক্রবার বিধানসভার অধিবেশনে রেফারেন্স পিরিয়ডে এই তথ্য জানান তিনি।
এদিন কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায় এনডিপিএস মামলার তদন্তের জন্য একটি বিশেষ সেল গঠনের দাবি জানান। তিনি অভিযোগ করেন, নেশা কারবারিদের সঙ্গে রেল কর্মী ও আরপিএফ-এর কিছু সদস্য মিলে একটি চক্র তৈরি করেছে এবং রাতের বেলায় রেল স্টেশন এলাকায় তাদের কার্যকলাপ চলে। সাম্প্রতিক এক এনডিপিএস মামলায় বহিঃরাজ্যের তিনজন ও রাজ্যের তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। এই ঘটনাকে ‘ডাবল ইঞ্জিন’ বলে কটাক্ষ করেন তিনি।
বিধায়কের প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী জানান, মাদক চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। সম্প্রতি আগরতলা রেল স্টেশনে অভিযান চালিয়ে জিআরপি ও অন্যান্য থানার পুলিশ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। সিসিটিভি ফুটেজের ভিত্তিতে এই ঘটনায় দু’জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং তদন্ত প্রক্রিয়া চলমান।
মুখ্যমন্ত্রী আরও জানান, আগরতলা রেল স্টেশনে ইতিমধ্যেই একটি অত্যাধুনিক স্ক্যানার রয়েছে। নিরাপত্তা আরও জোরদার করতে সেখানে আরও একটি স্ক্যানার বসানোর পাশাপাশি রাজ্যের অন্যান্য রেল স্টেশনেও এ ধরনের আধুনিক স্ক্যানার স্থাপনের জন্য কেন্দ্রীয় রেলমন্ত্রীর কাছে আবেদন করা হয়েছে।
কংগ্রেস বিধায়কের ‘ডাবল ইঞ্জিন’ মন্তব্যের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, ডাবল ইঞ্জিন সরকার থাকার ফলেই দিল্লি, উত্তর প্রদেশ এবং ত্রিপুরা—সব জায়গাতেই মাদকবিরোধী অভিযানে জোরদার পদক্ষেপ নেওয়া সম্ভব হচ্ছে। অতীতে এ ধরনের অভিযান ও গ্রেফতারের খবর এতটা সামনে আসত না বলেও তিনি দাবি করেন।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ