
কদমতলা (ত্রিপুরা), ২০ মার্চ (হি.স.) : উত্তর জেলার পূর্ব ফুলবাড়ী গ্রাম পঞ্চায়েত এলাকায় রেলের খাস জমি দখলকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে দীর্ঘদিনের বিরোধ ফের তীব্র আকার ধারণ করেছে। গ্রামীণ স্তরে একাধিকবার মীমাংসার চেষ্টা ব্যর্থ হওয়ায় শেষ পর্যন্ত বিষয়টি পৌঁছেছে থানায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব ফুলবাড়ী গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডের খাদিম পাড়া এলাকায় দীর্ঘদিন ধরে রেলের খাস জমিতে বসবাস করতেন বকুল রুদ্রপাল। পরবর্তীতে রেল দফতরের নোটিশ পেয়ে তিনি ওই জমি ছেড়ে অন্যত্র বসতি স্থাপন করেন। অভিযোগ, সেই সুযোগে তাঁর প্রতিবেশী রাহুল দত্ত সরকারি জমি দখল করে সেখানে একটি দোকান নির্মাণের পাশাপাশি সবজি চাষ শুরু করেন।
এই ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বিরোধ ক্রমশ বাড়তে থাকে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সালিশি বৈঠক হলেও কোনও স্থায়ী সমাধান হয়নি। শেষমেশ বকুল রুদ্রপাল চুড়াইবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে বকুল রুদ্রপাল দাবি করেন, অভিযুক্ত রাহুল দত্ত কদমতলা কুর্তি মণ্ডলের ৪৯ নম্বর বুথ সভাপতি হওয়ার প্রভাব খাটিয়ে তাঁকে ও তাঁর পরিবারকে বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করছেন। সম্প্রতি প্রাকৃতিক দুর্যোগে তাঁদের বাড়ির ওপর গাছ ভেঙে পড়ে ক্ষয়ক্ষতি হলেও কোনও সরকারি সহায়তা পাননি বলেও অভিযোগ করেন তিনি। পাশাপাশি, দখল হওয়া জমি উদ্ধারের দাবি জানিয়েছেন প্রশাসনের কাছে।
অন্যদিকে, বকুল রুদ্রপালের ছেলে বিধান রুদ্রপাল অভিযোগ করেন, রাহুল দত্ত তাঁকে ‘বাংলাদেশি’ বলে অপমান করেছেন এবং মিথ্যা মামলায় ফাঁসানোর পাশাপাশি প্রাণনাশের হুমকিও দিয়েছেন।
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন রাহুল দত্ত। তাঁর দাবি, বকুল রুদ্রপাল ও তাঁর পরিবার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে মিথ্যা অভিযোগ তুলছেন। তিনি আরও জানান, যে জমিতে তাঁর দোকান রয়েছে সেটি তাঁর পৈত্রিক সম্পত্তি এবং ওই পরিবারের আচরণে এলাকাবাসীও অতিষ্ঠ।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। প্রশাসনের নিরপেক্ষ তদন্তের মাধ্যমেই প্রকৃত সত্য সামনে আসবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ