
হাইলাকান্দি (অসম), ২০ মাৰ্চ (হি.স.) : আসন্ন অসম বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে হাইলাকান্দি জেলা প্রশাসন নির্বাচন প্রস্তুতিকে আরও সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে।
আজ শুক্রবার জেলা নির্বাচন আধিকারিকের কার্যালয় থেকে জারিকৃত এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, গত ১৮ মার্চ সকাল ১১টায় জেলাশাসকের দফতরের সম্মেলন কক্ষে ইভিএম-এর প্রথম রেন্ডমাইজেশন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এই প্রক্রিয়ায় স্বীকৃত রাজনৈতিক দলগুলির প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
জেলায় মোট ৬২৩টি ভোটকেন্দ্র রয়েছে। এই বণ্টন প্রক্রিয়ার মাধ্যমে মোট ভোটকেন্দ্রের ১২৫ শতাংশ হিসাবে ব্যালট ইউনিট ও কন্ট্রোল ইউনিট এবং ১৩৫ শতাংশ ভিভিপ্যাট নির্বাচন করা হয়। বিধানসভা কেন্দ্রভিত্তিক বরাদ্দের বিস্তারিত দিয়ে জানানো হয়েছে, ১২১ নম্বর হাইলাকান্দিতে ২৮৪টি ভোটকেন্দ্র, কন্ট্রোল ইউনিট ৩৫৫, ব্যালট ইউনিট ৩৫৫, ভিভিপ্যাট ৩৮৩। ১২২ নম্বর আলগাপুর-কাটলিছড়ায় ৩৩৯টি ভোটকেন্দ্র, কন্ট্রোল ইউনিট ৪২৩, ব্যালট ইউনিট ৪২৩, ভিভিপ্যাট ৪৫৭। মোট হিসাবে ৬২৩টি ভোটকেন্দ্রের জন্য ৭৭৮টি কন্ট্রোল ইউনিট, ৭৭৮টি ব্যালট ইউনিট এবং ৮৪০টি ভিভিপ্যাট নির্ধারণ করা হয়েছে।
প্রেস বিবৃতিতে আরও জানানো হয়েছে, প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ইভিএম ও ভিভিপ্যাট মেশিনগুলির পৃথকীকরণ ও স্ক্যানিং কার্যক্রম শুরু হয়েছে। নির্ধারিত বিধানসভা কেন্দ্রভিত্তিক স্ট্রংরুমগুলি যেখানে তৈরি করা হয়েছে, সেই সরকারি ভিএম হায়ার সেকেন্ডারি স্কুল ও হাইলাকান্দি শহরে ওল্ড হসপিটাল রোড প্রাঙ্গণকে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে এই যন্ত্রগুলি সংরক্ষণ করা হবে।
জেলা নির্বাচন আধিকারিকের স্বাক্ষরিত এই নির্দেশনায় নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে সমস্ত কার্যক্রম সম্পন্ন করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস