
কলকাতা, ২০ মার্চ (হি. স.): আগামী ২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে আগামী সপ্তাহে দু'দিনের সফরে কলকাতায় আসছেন জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। কমিশনের এই দলের নেতৃত্বে রয়েছেন জ্ঞানেশ ভারতী। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর সূত্রে খবর, আগামী ২৫ ও ২৬ মার্চ দুই দিন ধরে নির্বাচনের প্রস্তুতি সংক্রান্ত বিভিন্ন বিষয় পর্যালোচনা করবেন তাঁরা।
ইতিমধ্যেই রাজ্যে দুই দফায় ভোটগ্রহণের কথা ঘোষণা করা হয়েছে। সেই লক্ষ্যে ইভিএম যাচাই থেকে শুরু করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কাজ পুরোদমে চলছে। রাজ্যের সমস্ত স্বীকৃত রাজনৈতিক দলগুলো তাদের প্রার্থী তালিকা ঘোষণা করার পর এখন দেওয়াল লিখন ও প্রচারের কাজে ব্যস্ত।
তবে শুক্রবার ভোটার তালিকার 'সাপ্লিমেন্টারি লিস্ট' বা সম্পূরক তালিকা প্রকাশিত না হওয়ায় রাজনৈতিক বিতর্ক দানা বেঁধেছে। এদিন কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগের সুরে বলেন, নির্বাচন কমিশন একতরফা কাজ করছে এবং কোনও একটি বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা পাইয়ে দিতেই এই তালিকা প্রকাশে দেরি করা হচ্ছে।
কমিশনের নির্ভরযোগ্য সূত্র মারফত জানা গিয়েছে, আগামীকাল শনিবার ঈদের ছুটি এবং পরদিন রবিবার হওয়ায় তালিকা প্রকাশের কাজ কিছুটা পিছিয়ে গিয়েছে। আগামী বুধ ও বৃহস্পতিবার কেন্দ্রীয় প্রতিনিধি দলের সফর শেষ হওয়ার পরেই এই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের তোড়জোড় শুরু হতে পারে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত