
হাফলং (অসম), ২০ মাৰ্চ (হি.স.) : প্রতিকূল আবহওয়া উপেক্ষা করে সহস্ৰাধিক কর্মী-সমর্থক নিয়ে শক্তি প্রদর্শন করে আজ শুক্রবার ১১৩ নম্বর জনজাতি সংরক্ষিত হাফলং আসনের ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) দলের প্রার্থী ড্যানিয়েল লাংথাসা মনোনয়নপত্র দাখিল করেছেন।
আজ শুক্রবার বেলা একটা নাগাদ ন্যাশনাল পিপলস পার্টির কেন্দ্রীয় উপ-সভাপতি জেমস সাংমা ও বিপুলসংখ্যক কর্মী ও সমর্থক নিয়ে মিছিল করে হাফলঙে জেলাশাসকের কার্যালয়ে গিয়ে ড্যানিয়েল লাংথাসা রিটার্নিং অফিসার একে ইলিয়াস আহমেদের কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন।
মনোনয়নপত্র জমা দিয়ে বাইরে বেরিয়ে এসে এনপিপি-প্রার্থী ড্যানিয়েল লাংথাসা হাফলং আসনে তাঁর জয় নিশ্চিত দাবি করে বলেন, ডিমা হাসাও জেলার মানুষ এখন পরিবর্তন চাইছেন। এবার এনপিপি এক নতুন লক্ষ্য নিয়ে এসেছে। এবারের বিধানসভা নির্বাচনে এই লক্ষ্য পূরণের যাত্রা শুরু হবে। ড্যানিয়েল বলেন, উত্তর-পূর্বাঞ্চল থেকে যাত্রাকারী ন্যাশনাল পিপলস পার্টি এখন রাষ্ট্রীয় দল হিসেবে পরিগণিত হয়েছে।
তিনি বলেন, ন্যাশনাল পিপলস পার্টির মূল লক্ষ্য হচ্ছে উত্তর-পূর্বাঞ্চলের ইন্ডিজেনাস মানুষকে ঐক্যবদ্ধ করা যাতে তাঁরা নিজের অধিকার সুরক্ষিত করতে পারেন। ড্যানিয়েল বলেন, বিজেপি সরকারের আমলে শুধু পাহাড়ি জেলার পাঁচ শতাংশ মানুষের উন্নয়ন হয়েছে, ৯৫ শতাংশ মানুষ উন্নয়নের মুখ দেখেননি। গ্রামাঞ্চলের উন্নয়নের অবস্থা করুণ। তাই মানুষ এখন পরিবর্তন চাইছেন। তাই পাহাড়ি জেলার মানুষের ভালোবাসা ও আশীর্বাদ পেয়ে আমি এনপিপি দলের প্রার্থী হিসেবে হাফলং আসনে অবতীর্ণ হয়েছে। এখানকার মানুষ চাইছেন তাঁদের আওয়াজ বিধানসভায় গিয়ে যাতে পৌঁছায়।
তিনি বলেন, সংবিধানের ২৪৪ (ক) অনুচ্ছেদ অনুসারে পৃথক রাজ্যের দাবি এবং ষষ্ঠ তফশিলির অধীনস্থ মানুষের ভূমির অধিকার সুরক্ষিত রাখার আওয়াজ বিধানসভায় তুলতে তাঁকে ভোট দেবেন জনতা।
ড্যানিয়েল বলেন, বর্তমান বিজেপি সরকারের আমলে গ্রামপ্রধান ও গ্রামের বাসিন্দাদের অনুমতি ছাড়াই হাজার হাজার বিঘা জমি বহিরাগত কোম্পানিকে তুলে দেওয়া হচ্ছে। এমন-কি, যে সকল ঠিকাদার রাস্তাঘাট নির্মাণ করছে তাদের বিলও বকেয়া পড়ে আছে বলে অভিযোগ করেছেন তিনি। ড্যানিয়েল বলেন, তাই এবার পাহাড়ের মানুষ পরিবর্তন চাইছেন।
হাফলং আসনে বিজেপি-প্রার্থী রূপালি লাংথাসাকে কি নির্বাচনে ড্যানিয়েল লাংথাসা কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারেন, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিজেপি রূপালি লাংথাসাকে প্রার্থী করায় তাঁর জন্য লড়াই এখন অনেক সহজ হয়ে পড়েছে। বলেন, বর্তমান বিধায়ক নন্দিতা গার্লোসা হাফলং আসনে বিজেপির প্রার্থী হলে লড়াই হাড্ডাহাড্ডি হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু নন্দিতা গার্লোসা বিজেপির প্রার্থিত্ব থেকে বঞ্চিত হওয়ায় এবার নন্দিতার সমর্থকরা তাঁকেই সমর্থন করছেন বলে দাবি করে ড্যানিয়েল বলেন, ডিমা হাসাও জেলার মানুষের মন থেকে ভয় দূর হয়ে গেছে। তাই এবার নির্বাচনে পরিবর্তনের জন্য সাধারণ মানুষ নির্ভয়ে তাঁর পক্ষেই ভোটদান করবেন, দাবি এনপিপি-প্রার্থী ড্যানিয়েল লাংথাসার।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব