
বক্সনগর (ত্রিপুরা), ২০ মার্চ (হি.স.) : সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমার বতাদোলা সীমান্তে বাংলাদেশি নাগরিক আটক হওয়ার ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। কয়েক মাস ধরে একই এলাকা থেকে একের পর এক বাংলাদেশি নাগরিক আটক হওয়ায় সীমান্ত নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
পুলিশ ও নিরাপত্তা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সীমান্ত এলাকায় নিয়মিত টহলদারির সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় জনৈক ব্যক্তিকে। তাঁকে আটক করে সোনামুড়া থানায় নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি নিজের নাম তপন পাল (৫৩) বলে জানিয়েছেন। তাঁর বাড়ি বাংলাদেশের চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার ফতেহাবাদ এলাকার চৌধুরীহাট গ্রামে।
প্রাথমিক তদন্তের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে ইমিগ্রেশন ও ফরেনার্স অ্যাক্ট ২০২৫ এবং বিএনএস অ্যাক্ট ২০২৩-এর অধীনে মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এদিকে, সীমান্ত ডিঙিয়ে বারবার অনুপ্রবেশের ঘটনায় উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও কীভাবে এই ধরনের অনুপ্রবেশ সম্ভব হচ্ছে, তা নিয়ে নানা প্রশ্ন উঠছে। অনেকেরই অভিযোগ, সীমান্তবর্তী এলাকায় সক্রিয় দালাল চক্রের সাহায্যেই এই অবৈধ পারাপার সংঘটিত হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখে দালাল চক্রের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক। ঘটনার পর সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিএসএফ।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ