ঝাড়গ্রামে বাম শিবিরে গতি আনতে মাঠে মীরা ভট্টাচার্য, অর্জুন মাহাতোর সমর্থনে জোর প্রচার
ঝাড়গ্রাম, ২০ মার্চ (হি.স.) : ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রের নির্বাচনী লড়াইয়ে বাম শিবিরকে শক্তিশালী করতে সরাসরি মাঠে নামলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য-এর স্ত্রী মীরা ভট্টাচার্য। শুক্রবার তিনি সিপিএম প্রার্থী অর্জুন মাহাতো-র সমর্থনে একাধি
ঝাড়গ্রামে বাম শিবিরে গতি আনতে মাঠে মীরা ভট্টাচার্য, অর্জুন মাহাতোর সমর্থনে জোর প্রচার


ঝাড়গ্রাম, ২০ মার্চ (হি.স.) : ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রের নির্বাচনী লড়াইয়ে বাম শিবিরকে শক্তিশালী করতে সরাসরি মাঠে নামলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য-এর স্ত্রী মীরা ভট্টাচার্য। শুক্রবার তিনি সিপিএম প্রার্থী অর্জুন মাহাতো-র সমর্থনে একাধিক কর্মিসভা ও জনসংযোগ কর্মসূচিতে অংশ নেন।

এদিন সকালে ঝাড়গ্রাম ব্লকের মানিকপাড়া এরিয়া কমিটির কার্যালয়ে দলের কর্মীদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন মীরা ভট্টাচার্য। বৈঠকে তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতির বিশ্লেষণ তুলে ধরে বাম প্রার্থীকে জেতানোর প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন। সংগঠনকে আরও শক্তিশালী করতে তৃণমূল স্তরে কর্মীদের সক্রিয় ভূমিকার উপর জোর দেন তিনি।

তাঁর বক্তব্যে মূল্যবৃদ্ধি, কর্মসংস্থান, প্রশাসনিক পরিস্থিতি এবং গণতান্ত্রিক অধিকার নিয়ে উদ্বেগের কথা উঠে আসে। সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ বাড়ানোর জন্য কর্মীদের নির্দেশ দেন তিনি।

উল্লেখ্য, এর আগেও মানিকপাড়ায় কর্মিসভা করার পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালিয়েছেন মীরা ভট্টাচার্য। ডাঙাপাড়া এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার কথা শোনেন এবং সিপিএম প্রার্থীকে সমর্থনের আহ্বান জানান।

অর্জুন মাহাতো জানান, “মীরা ভট্টাচার্যের প্রচারে কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে।” অন্যদিকে, মীরা ভট্টাচার্য বলেন, “এলাকার উন্নয়ন, রাজ্যের স্বার্থ এবং দেশের বৃহত্তর স্বার্থে বাম প্রার্থীকে জয়ী করা প্রয়োজন।”

এই সফর ঘিরে ঝাড়গ্রামে সিপিএম কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা গেছে।

হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো




 

 rajesh pande