
কলকাতা, ২০ মার্চ (হি. স.): কুষ্ঠ-প্রভাবিত শিশুদের সাহায্যার্থে এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভারতীয়-অস্ট্রেলীয় তরুণ অ্যাথলিট ওম সাতিজা কলকাতায় পৌঁছচ্ছেন। ২৩ বছর বয়সী এই অ্যাথলিট ইতিমধ্যেই তাঁর ৫,০০০ কিলোমিটার দীর্ঘ দৌড় অভিযানের অর্ধেক পথ অতিক্রম করেছেন। কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত তাঁর এই অভিযানের নাম দেওয়া হয়েছে দ্য ওয়ান ইন্ডিয়া রান। 'উদয়ন' নামক সংস্থার অধীনে থাকা শিশুদের জন্য তহবিল সংগ্রহ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই সুদূরপ্রসারী উদ্যোগ শুরু হয়েছে।উল্লেখ্য, প্রতিদিন গড়ে ৫০ কিমি দৌড়ানোর এই ১০০ দিনের সহনশীলতা চ্যালেঞ্জের আজ ৪৮তম দিন। ওম সাতিজা দেশের পূর্ব উপকূল জুড়ে দৌড় সম্পন্ন করা প্রথম ব্যক্তি হওয়ার কৃতিত্ব অর্জন করতে আগ্রহী। এই শারীরিক কসরতের পাশাপাশি তিনি তরুণ প্রজন্মের মধ্যে সহনশীলতা ও ফিটনেসের প্রতি উৎসাহ জাগিয়ে তুলতে চান।আগামী রবিবার, ২২ মার্চ বালিগঞ্জ এরিনায় একটি বিশেষ কমিউনিটি ইভেন্ট অনুষ্ঠিত হবে। এই কর্মসূচিতে ৩ কিমি দৌড়, হাইব্রিড ফিটনেস সেশন এবং একটি বিশেষ রেভ রান অন্তর্ভুক্ত থাকছে, যার নেতৃত্ব দেবেন ওম নিজেই। অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হবে তাঁর স্যাক্সোফোন বাদনের মধ্য দিয়ে।প্রসঙ্গগত, উদয়ন সংস্থা পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের ২১টি কুষ্ঠ কলোনি থেকে আগত ৩১০ জন শিশুকে সহায়তা প্রদান করে। এই উদ্যোগের লক্ষ্য মোট ৬০ লক্ষ টাকা সংগ্রহ করা, যার মধ্যে স্থানীয় জনসমর্থনের মাধ্যমে ইতিমধ্যেই প্রায় ২০ লক্ষ টাকা সংগৃহীত হয়েছে।এই প্রেক্ষাপটে সংস্থার চেয়ারপার্সন মোহন চন্দ্রন বলেন, “কুষ্ঠ এখনো সমাজের আড়ালে থাকা একটি সমস্যা; এই ধরনের উদ্যোগ জনসচেতনতা বাড়ায় এবং যুবসমাজের শক্তির প্রমাণ দেয়।” কলকাতার কর্মসূচি শেষে ওম ব্যারাকপুরে পৌঁছে উদয়নের প্রতিষ্ঠা দিবস উদযাপনে অংশ নেবেন এবং শিশুদের সঙ্গে সময় কাটাবেন
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত