
দুর্গাপুর, ২০ মার্চ (হি.স.) : ভোটের মুখে শিল্পাঞ্চল দুর্গাপুরে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। শুক্রবার দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীর প্রচার ঘিরে ‘জয় বাংলা’ ও ‘জয় শ্রীরাম’ স্লোগানকে কেন্দ্র করে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। দুই পক্ষের স্লোগান যুদ্ধে সরগরম হয়ে ওঠে গোটা এলাকা।
জানা গেছে, এদিন সকালে দুর্গাপুরের ১১ নম্বর ওয়ার্ডের কুরুলিয়া ডাঙ্গা এলাকায় প্রচারে যান বিজেপি প্রার্থী লক্ষণ ঘড়ুই। ঢাকের বাদ্যি, দলীয় পতাকা ও বেলুন নিয়ে শুরু হয় বিজেপির প্রচার। সেই সময় এলাকায় দেওয়াল লিখন করছিল তৃণমূল কর্মীরা। বিজেপির প্রচার মিছিল দেখতে পেয়ে তৃণমূল কর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করেন। পাল্টা বিজেপি কর্মী-সমর্থকেরা ‘জয় শ্রীরাম’ ধ্বনি তুললে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
দুই পক্ষের এই স্লোগান-পাল্টা স্লোগানে কিছু সময়ের জন্য এলাকায় উত্তেজনা ছড়ায়। যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায়নি। তবে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, তৃণমূল পরিকল্পিতভাবে অর্থের বিনিময়ে এই স্লোগান দেওয়ার ব্যবস্থা করেছে। অন্যদিকে, এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।
এদিন প্রচারের ফাঁকে বিজেপি প্রার্থী লক্ষণ ঘড়ুই শাসকদলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হন। তিনি দাবি করেন, কেন্দ্রের বরাদ্দ উন্নয়নমূলক প্রকল্পের অর্থ যথাযথভাবে ব্যবহার হয়নি। বিভিন্ন প্রকল্পে অনিয়মের অভিযোগ তুলে তিনি বলেন, “কোথায় কী কাজ হয়েছে, তা সাধারণ মানুষ জানেন। এর জবাব শাসক দলকে দিতেই হবে।”
অন্যদিকে, তৃণমূল কংগ্রেস এই সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে। তাদের বক্তব্য, বিরোধীরা রাজনৈতিক উদ্দেশ্যে ভ্রান্ত প্রচার চালাচ্ছে।
ভোটের আগে এই ধরনের স্লোগান যুদ্ধ এবং পাল্টা অভিযোগে দুর্গাপুর পশ্চিমের রাজনৈতিক লড়াই যে আরও তীব্র হচ্ছে, তা স্পষ্ট বলেই মনে করছে রাজনৈতিক মহল।
---------------
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা