
শ্রীভূমি (অসম), ২০ মাৰ্চ (হি.স.) : ভারতের নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত আসন্ন অসম বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট অনুযায়ী শ্রীভূমি জেলায় নির্বাচন প্রক্রিয়া অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে জেলা প্রশাসন জোর কদমে কাজ চালিয়েছে। শ্রীভূমির জেলা নির্বাচন আধিকারিক তথা জেলাশাসক এক আদেশে নির্বাচনের দিনক্ষণ এবং নির্বাচনের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট কর্মীদের দায়িত্ব পালনের বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছেন।
জেলা নির্বাচন আধিকারিকের আদেশে জানানো হয়েছে, আগামী ৯ এপ্রিল শ্রীভূমি জেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং আগামী ৪ মে সকাল থেকে ভোট গণনার কাজ শুরু হবে। জেলা নির্বাচন আধিকারিকের আদেশে স্পষ্টভাবে জানানো হয়েছে, নির্বাচনী কর্তব্য পালন করা একটি সংবিধিবদ্ধ এবং সাংবিধানিক বাধ্যবাধকতা। নির্বাচন সংক্রান্ত কাজে নিযুক্ত সমস্ত স্তরের আধিকারিক ও কৰ্মচারীদের অত্যন্ত আন্তরিকতা, নিষ্ঠা এবং দায়িত্বের সাথে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে, নির্বাচনের কাজে কোনও ধরনের অবহেলা, কর্তব্যে গাফিলতি বা আইনসম্মত আদেশ অমান্য করাকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হবে। এতে এর বিরুদ্ধে ১৯৫১ সালের জনপ্রতিনিধিত্ব আইনের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি সংশ্লিষ্ট সার্ভিস কনডাক্ট রুলস অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা, কারণ দর্শানোর নোটিশ জারি বা সাময়িক বরখাস্ত করার মতো পদক্ষেপও নেওয়া হতে পারে।
শ্রীভূমির জেলা প্রশাসন জেলার সকল সরকারি বিভাগীয় প্রধানদের নির্দেশ দিয়েছে যাতে তাঁদের অধীনে কর্মরত কর্মচারীরা এই আদেশ কঠোরভাবে মেনে চলেন এবং নির্বাচনী প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা করেন।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস