
হাওড়া, ২০ মার্চ (হি.স.): স্ত্রী ও বড় ছেলেকে কাটারি দিয়ে কুপিয়ে খুন করে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করল এক ব্যক্তি। অভিযোগ এমনই| কাটারির আঘাতে জখম ছোট ছেলেও। বৃহস্পতিবার গভীর রাতে উলুবেড়িয়া বাণীতলার এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত প্রদীপ মুখোপাধ্যায় রাতে ঘরে ঢুকে কাটারি নিয়ে হামলা করে ঘুমন্ত স্ত্রী ও ছেলেদের উপরে। এলোপাথাড়ি কাটারির কোপে ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রদীপের স্ত্রী অপর্ণা মুখোপাধ্যায় ও বড় ছেলে প্রণবের। ছোট ছেলে আবির কোনও রকমে পালিয়ে বাঁচলেও তাকেও কাটারি ছুঁড়ে মারায় আঘাত লাগে শরীরের ডান দিকে। এরপরেই প্রদীপ ঘরের মধ্যে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে বলে অভিযোগ। পুলিশ আহত আবির ও প্রদীপকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করে। মৃতদেহ দু'টি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য প্রদীপের মাকে আটক করেছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ