
পূর্ব সিংভূম, ২০ মার্চ (হি.স.): প্রযুক্তিগত কারণ এবং উত্তর ভারতে রেলের পরিচালনাজনিত কাজের কারণে একাধিক ট্রেনের রুট পরিবর্তন, আংশিক বাতিল ও পরিষেবা ব্যাহত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। শুক্রবার জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী টাটানগর থেকে জম্মু তাওয়াইগামী ট্রেন-সহ বেশ কয়েকটি ট্রেনের পরিষেবা প্রভাবিত হবে।
রেল সূত্রে জানা গিয়েছে, ১৮১০১ টাটানগর–জম্মু তাওয়াই এক্সপ্রেস ২৯ মে, ৩১ মে ও ৩ জুন ২০২৬ তারিখে নির্ধারিত রুটের পরিবর্তে খুরজা, মিরাট সিটি, সাহারানপুর ও আম্বালা ক্যান্টনমেন্ট হয়ে চলবে। একইভাবে ১৮৩০৯ সম্বলপুর–জম্মু তাওয়াই এক্সপ্রেস ৩০ মে, ১ জুন ও ২ জুন এই পরিবর্তিত রুটে চলবে।
ফেরার পথে ১৮১০২ জম্মু তাওয়াই–টাটানগর এক্সপ্রেস ৩০ মে, ১ জুন ও ৩ জুন আম্বালা ক্যান্টনমেন্ট, সাহারানপুর, মিরাট সিটি ও খুরজা হয়ে চলবে। এছাড়াও ১৮১০২ জম্মু তাওয়াই–সম্বলপুর এক্সপ্রেস ৩১ মে, ২ জুন ও ৪ জুন পরিবর্তিত রুটে চলবে।
দক্ষিণ-পূর্ব রেলওয়ের অধীনে আরও কয়েকটি ট্রেনেও প্রভাব পড়েছে। ১৮০১৯/১৮০২০ ঝাড়গ্রাম–ধনবাদ–ঝাড়গ্রাম মেমু এক্সপ্রেস ২২ মার্চ ২০২৬ সম্পূর্ণ বাতিল করা হয়েছে। পাশাপাশি ১৮০৩৫/১৮০৩৬ খড়গপুর–হাটিয়া–খড়গপুর এক্সপ্রেসকে ২২ মার্চ আদ্রা স্টেশন পর্যন্ত সীমিত করা হয়েছে, ফলে আদ্রা থেকে হাতিয়া অংশে ট্রেনটি চলবে না।
একই দিনে ১৮৬০১ টাটানগর–হাতিয়া এক্সপ্রেসকেও রুট পরিবর্তন করে চান্ডিল, গোন্দাবিহার এবং মুড়ি হয়ে চালানো হবে। সাধারণত এই ট্রেনটি পুরুলিয়া ও কোটশিলা হয়ে চলাচল করে।
রেল কর্তৃপক্ষের তরফে যাত্রীদের ভ্রমণের আগে ট্রেনের বর্তমান অবস্থা যাচাই করার অনুরোধ জানানো হয়েছে, যাতে অপ্রয়োজনীয় ভোগান্তি এড়ানো যায়।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য