
জলপাইগুড়ি, ২০ মার্চ (হি. স.): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই ডুয়ার্সের রাজনৈতিক মহলে তৎপরতা তুঙ্গে। শুক্রবার সকালে নাগরাকাটা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সঞ্জয় কুজূর মালবাজার কেন্দ্রের প্রার্থী তথা মন্ত্রী বুলুচিক বরাইকের সঙ্গে তাঁর রাঙ্গামাটি চা বাগান স্থিত বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন।
নির্বাচনী আবহে এই দুই নেতার রুদ্ধদ্বার বৈঠক এবং পরবর্তীতে সমর্থকদের নিয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। রাজনৈতিক মহলে চর্চা হচ্ছে, বিজেপি প্রার্থী শুক্রা মুন্ডার বিরুদ্ধে রণকৌশল স্থির করতেই এই আলোচনা হয়েছে। উল্লেখ্য, এক সময় সঞ্জয় কুজূর ও শুক্রা মুন্ডার মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, যা এখন নির্বাচনী লড়াইয়ের রূপ নিয়েছে।
সঞ্জয় কুজূর এই বৈঠককে নিছকই ‘সৌজন্য সাক্ষাৎ’ বলে অভিহিত করেছেন।
তিনি জানান, ডুয়ার্স এলাকার একমাত্র মন্ত্রী হওয়ার সুবাদে তিনি বুলুচিক বরাইকের আশীর্বাদ নিতে এসেছিলেন এবং আসন্ন প্রচার অভিযানে তাঁর সহযোগিতা প্রার্থনা করেছেন। অন্যদিকে, বুলুচিক বরাইকও সঞ্জয় কুজূরকে একজন যোগ্য প্রার্থী হিসেবে দরাজ সার্টিফিকেট দিয়েছেন এবং নাগরাকাটা আসনে তাঁর জয়ের ব্যাপারে পূর্ণ আত্মবিশ্বাস দেখিয়েছেন।
হিন্দুস্থান সমাচার / সোনালি