
বিজনৌর, ২০ মার্চ (হি.স.): উত্তর প্রদেশের বিজনৌর জেলার নাজিবাবাদ থানা এলাকার বিভিন্ন গ্রামে আটার খাবার খেয়ে অন্তত ১০ জন গ্রামবাসী অসুস্থ হয়ে পড়েছেন। খাদ্যে বিষক্রিয়ার লক্ষণ দেখা দেওয়ায় তাঁদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সকলের অবস্থাই স্থিতিশীল বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে এই ঘটনা ঘটে। একটি বিশেষ আটার খাবার খাওয়ার পরই আক্রান্তদের মধ্যে বমি ও পেটের সমস্যা শুরু হয়। আক্রান্তদের মধ্যে রয়েছেন জয়প্রকাশ (৪৫), তাঁর ছেলে রোহিত (১৫) ও মেয়ে প্রীতি (১৯)। তাঁদের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে। একই হাসপাতালে হারেওয়ালির বাসিন্দা স্বপ্না (২৫)-রও চিকিৎসা হচ্ছে।
এছাড়াও সিকরোদা গ্রামের অংশ (১৭), চাঁদনি (৩৬), অমোলি (১৩), শ্রদ্ধা (১০), অনামিকা (১৪), সালোনি (১৪) এবং কল্পনা-সহ আরও কয়েকজন অসুস্থ হন। তাঁদের নজিবাবাদের সামিপুরে স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। অন্য কয়েকজনের চিকিৎসা লাইফলাইন হাসপাতালেও চলছে।
অভিযোগ, নজিবাবাদের ‘মোটে আম’ এলাকার একটি দোকান থেকে কেনা আটা থেকে তৈরি খাবার খাওয়ার পরই এই ঘটনা ঘটে। খবর পেয়ে খাদ্য দফতরের দল ঘটনাস্থলে পৌঁছে আক্রান্তদের সঙ্গে কথা বলে তদন্ত শুরু করেছে। পুলিশও ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখছে।
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে দোকানদারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, গত বছরও একই জেলায় একটি বিশেষ ধরণের আটার খাবার খেয়ে খাদ্যে বিষক্রিয়ার একাধিক ঘটনা সামনে এসেছিল।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য