
শিলিগুড়ি, ২০ মার্চ (হি. স.): আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতিকে কেন্দ্র করে শিলিগুড়ি জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এই কড়া নজরদারির মধ্যেই বৃহস্পতিবার রাতে প্রধাননগর থানা এলাকা থেকে এক যুবককে দেশি পিস্তল-সহ গ্রেফতার করেছে পুলিশ। ধৃত যুবকের নাম গোপাল কর্মকার।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত আনুমানিক দেড়টা থেকে দুটোর মধ্যে প্রধাননগর থানার কাছে খবর আসে যে, দার্জিলিং মোড় এলাকায় এক যুবক আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছে। খবর পেয়েই পুলিশের একটি বিশেষ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে আটক করে। তল্লাশি চালাতেই তার কাছ থেকে একটি দেশি পিস্তল এবং তাজা কার্তুজ উদ্ধার হয়। অস্ত্রের কোনও বৈধ নথিপত্র দেখাতে না পারায় পুলিশ তাকে গ্রেফতার করে।
ইতিমধ্যেই ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। শুক্রবারই অভিযুক্তকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করার কথা রয়েছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি