
সাব্রুম (ত্রিপুরা), ২০ মার্চ (হি.স.) : শিক্ষার মন্দির হিসেবে পরিচিত বিদ্যালয়েই যদি অনিয়ম ও গাফিলতির ঘটনা সামনে আসে, তবে তার সবচেয়ে বড় খেসারত দিতে হয় নিরীহ ছাত্র-ছাত্রীদের। এমনই এক গুরুতর অভিযোগ উঠেছে সাব্রুম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের একটি পরীক্ষা কেন্দ্রকে ঘিরে।
জানা গেছে, দোলবারি হাই স্কুলের ছাত্রী রিয়া মগ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিতে ওই কেন্দ্রে উপস্থিত হয়। প্রথম চারটি পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হলেও শেষ দিনের অঙ্ক পরীক্ষায় ঘটে চরম গাফিলতি। অভিযোগ, নির্ধারিত ‘স্ট্যান্ডার্ড’ প্রশ্নপত্রের পরিবর্তে তাকে ‘বেসিক’ প্রশ্নপত্র দেওয়া হয়। বিষয়টি নজরে আসে পরীক্ষা শেষ হওয়ার মাত্র ১৫ মিনিট আগে। এরপর দায়িত্বপ্রাপ্ত শিক্ষিকা ওই ছাত্রীর কাছ থেকে প্রশ্নপত্র ও উত্তরপত্র নিয়ে নেন বলে অভিযোগ।
এই ঘটনার ফলে ছাত্রীটি সঠিকভাবে পরীক্ষা সম্পন্ন করতে পারেনি এবং তার ফলাফল নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে জানা যায়। পরিবার ও স্থানীয় মহলে এই নিয়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে দাবি, পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে থাকা সেন্টার সুপারভাইজার প্রণব দাসের উদাসীনতা এবং এক শিক্ষিকার দায়িত্বজ্ঞানহীন আচরণের কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযোগ উঠেছে, পরীক্ষার নিয়ম যথাযথভাবে মানা হয়নি এবং দায়িত্বপ্রাপ্তদের একাংশের অবহেলাই এই ঘটনার মূল কারণ।
এছাড়াও আরও বিস্ফোরক অভিযোগ সামনে এসেছে। স্থানীয়দের একাংশের দাবি, দীর্ঘদিন ধরেই এই কেন্দ্রে কিছু শিক্ষক নিজেদের বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বিশেষ সুবিধা দিয়ে আসছেন। এমনকি পরীক্ষার সময় সহায়তা করার অভিযোগও রয়েছে। যদিও এই অভিযোগগুলির সত্যতা নিয়ে এখনও প্রশাসনের তরফে কোনও আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগও উঠেছে বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে। এতে অভিভাবক মহলে ক্ষোভ ক্রমশ বাড়ছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ