
নয়াদিল্লি, ২১ মার্চ (হি.স.) : শনিবার সকালে দিল্লির ঘুম ভাঙল ঘন কুয়াশার চাদরে। পারদ নেমে অনুভূত হয় শীতের আমেজ। সকাল ৭টা ২০ মিনিটে, দিল্লির সফদরজং এলাকায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণও ১০০ শতাংশ। পশ্চিমী ঝঞ্ঝার কারণেই আবহাওয়ার এই পরিস্থিতি বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
তাপমাত্রা কমার পাশাপাশি কমেছে শহরের দূষণের মাত্রাও। ঠান্ডা বাতাস, হালকা বৃষ্টিপাতের কারণে দিল্লির গড় এয়ার কোয়ালিটি ইন্ডেক্স রেকর্ড হয়েছে ৯৩। ২০২৬ সালের মধ্যে এতটা পরিষ্কার বাতাস দেখা যায়নি দিল্লিতে। এর আগে শেষবার ২০২৫ সালের ৯ অক্টোবর শহরের ইন্ডেক্স ১০০-র তলায় নেমেছিল। তবে, শুধুই দিল্লিতে নয়, দিল্লির আশেপাশের এলাকাগুলিতেও আবহাওয়ার পরিবর্তন হয়েছে। গুরুগ্রামে এ দিন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২১.৮ ডিগ্রি সেলসিয়াস এবং ইন্ডেক্স ৯৮। গৌতম বুদ্ধ নগরের তাপমাত্রা ২০.১ ডিগ্রি সেলসিয়াস এবং ইন্ডেক্স ৮৬। এ ছাড়াও গাজিয়াবাদের তাপমাত্রা ২০.৩ ডিগ্রি সেলসিয়াস এবং ইন্ডেক্স ১০০।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ