
নয়াদিল্লি, ২১ মার্চ (হি.স.) : প্রখ্যাত ওডিসি নৃত্যশিল্পী মধুমিতা রাউত শনিবার সকালে নয়াদিল্লির একটি বেসরকারি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর। পরিবারের তরফে এই খবর জানানো হয়েছে।
প্রসিদ্ধ ওডিসি গুরু মায়াধর রাউতের কন্যা মধুমিতা অল্প বয়স থেকেই নৃত্যচর্চা শুরু করেন। পরবর্তীকালে তিনি দিল্লির ‘জয়ন্তিকা-মায়াধর রাউত স্কুল অফ ওডিসি ডান্স’-এর পরিচালক হিসেবে নতুন প্রজন্মকে প্রশিক্ষণ দিচ্ছিলেন।
মধুমিতা রাউত নেদারল্যান্ডসের একটি মন্দিরে পারফর্ম করা প্রথম ওডিসি শিল্পী হিসেবে বিশেষ স্বীকৃতি অর্জন করেন। শাস্ত্রীয় নৃত্যকে জীবন্ত ও প্রাসঙ্গিক করে তোলার ক্ষেত্রে তাঁর সৃজনশীল দৃষ্টিভঙ্গি এবং নিষ্ঠা আন্তর্জাতিক মহলেও প্রশংসিত হয়।
ওডিসি নৃত্যের প্রসারে তাঁর অবদানের জন্য তিনি ‘ভারত নির্মাণ’ (১৯৯৭) এবং ‘ওডিশা লিভিং লেজেন্ড’ (২০১১)-সহ একাধিক সম্মানে ভূষিত হয়েছিলেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য