
দুর্গাপুর, ২২ মার্চ (হি. স.): দুর্গাপুরে সরকারি দেওয়াল থেকে রাজনৈতিক দেওয়াল-লিখন মুছতে গিয়ে আক্রান্ত হলেন নির্বাচন কমিশনের কাজে নিযুক্ত দুই কর্মী। ঘটনাকে কেন্দ্র করে রবিবার ব্যাপক উত্তেজনা ছড়ায় দুর্গাপুরের পশ্চিম বিধানসভার করঙ্গপাড়া পোস্ট অফিস এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।জানা গেছে, দুর্গাপুর মহকুমা শাসকের দফতরের দুই কর্মী সূর্যকান্ত পাল এবং বিট্টু গুপ্তা নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী সরকারি দেওয়ালে থাকা রাজনৈতিক দেওয়াল-লিখন মুছে দেওয়ার কাজ করছিলেন। সেই অনুযায়ী পোস্ট অফিসের দেওয়ালে তৃণমূলের দেওয়াল-লিখন মুছে ফেরার সময় তাঁদের গাড়ি থেকে টেনে নামিয়ে মারধর করা হয় বলে অভিযোগ।বিট্টু গুপ্তার অভিযোগ, কেন দেওয়াল মোছা হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলে তাঁদের গাড়ি থেকে নামিয়ে মারধর করা হয় এবং হামলাকারীরা নিজেদের তৃণমূল কর্মী বলে পরিচয় দেয়। এদিকে বিজেপির জেলা সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত অভিযোগ করেন, সরকারি দেওয়াল-লিখন মুছতে গিয়ে নির্বাচন কমিশনের কর্মীদের উপর হামলা করা হয়েছে।যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব বলেছে, মারধরের অভিযোগ ভিত্তিহীন, শুধুমাত্র তর্কবিতর্ক হয়েছিল। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়