
আগরতলা, ২২ মার্চ (হি.স.) : নেশা বিরোধী অভিযানে বড় সাফল্য পেল বোধজং নগর থানার পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট সহ এক নেশা কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার গভীর রাতে পশ্চিম নোয়াবাদি এলাকায় অভিযুক্তের নিজ বাড়িতে এই অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বোধজংনগর থানার ওসি প্রশান্ত কুমার দে-এর নেতৃত্বে একটি বিশেষ দল গঠন করা হয়। পরে সেই দল পশ্চিম নোয়াবাদি এলাকায় অভিযুক্তের বাড়িতে হানা দেয়। অভিযানের সময় জিরানিয়া মহকুমার একজন ডেপুটি কালেক্টর ম্যাজিস্ট্রেট (ডিসিএম) উপস্থিত ছিলেন, যাতে পুরো প্রক্রিয়া আইন মেনে সম্পন্ন হয়।
তল্লাশি চালিয়ে অভিযুক্তের বাড়ি থেকে মোট ১১ হাজার ৮০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া এই নেশাজাতীয় ট্যাবলেটগুলির কালোবাজারি মূল্য আনুমানিক ১২ লক্ষ টাকা।
অভিযুক্তকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয় এবং সঙ্গে সঙ্গে বোধজংনগর থানায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে এনডিপিএস আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তি পেশায় একজন পাম্প অপারেটর হলেও দীর্ঘদিন ধরে গোপনে নেশা ব্যবসার সঙ্গে জড়িত থাকার সন্দেহ রয়েছে।
ওসি প্রশান্ত কুমার দে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি এই ইয়াবা ট্যাবলেট কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় সরবরাহ করার পরিকল্পনা ছিল, সেই দিকেও তদন্ত এগুচ্ছে।
তিনি আরও জানান, তদন্তের স্বার্থে ধৃত ব্যক্তিকে পাঁচ দিনের পুলিশ রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়ে রবিবার আদালতে তোলা হয়। পুলিশের ধারণা, রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে নেশা পাচার চক্রের আরও বড় নেটওয়ার্কের হদিস মিলতে পারে।
উল্লেখ্য, ধৃত অভিযুক্ত পূর্বেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে ছিল। ২০২২ সালে এনডিপিএস আইনের একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছিল। ফলে পুরনো অপরাধমূলক যোগসূত্রের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
এদিকে, এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের মতে, আবাসিক এলাকায় এত বিপুল পরিমাণ নেশা সামগ্রী মজুত থাকার বিষয়টি উদ্বেগজনক। পুলিশ জানিয়েছে, নেশা বিরোধী অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ