
ধর্মনগর (ত্রিপুরা), ২২ মার্চ (হি.স.) : আসন্ন ধর্মনগর উপনির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক তৎপরতা ক্রমশ জোরদার হচ্ছে। এই প্রেক্ষাপটে রবিবার মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা ধর্মনগরে এসে দলীয় সাংগঠনিক বৈঠকে অংশ নেন। তাঁর এই সফরকে ঘিরে সকাল থেকেই ধর্মনগর রেলস্টেশন এলাকায় দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
রেলে ধর্মনগরে পৌঁছানোর পর স্টেশনেই উপস্থিত কর্মী-সমর্থকরা ফুলের তোড়া ও স্লোগানের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান। এরপর তিনি সরাসরি যান পদ্মপুরস্থিত বিজেপি-এর জেলা কার্যালয় ‘অটল ভবন’-এ, যেখানে আয়োজিত হয় সাংগঠনিক বৈঠক।
এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি-এর সম্পাদক রতন ঘোষ, সহ-সভাপতি তাপস ভট্টাচার্য, ওবিসি মোর্চার প্রদেশ সভানেত্রী মলিনা দেবনাথ, জেলা সভাপতি কাজল দাস, মন্ত্রী সুধাংশু দাস, বিধায়ক যাদব লাল দেবনাথ, বিনয় ভূষণ দাস এবং উপনির্বাচনে দলের মনোনীত প্রার্থী জহর চক্রবর্তীসহ অন্যান্য নেতৃত্ব।
বৈঠকে মূলত উপনির্বাচনকে সামনে রেখে বুথস্তরের প্রস্তুতি, কর্মীদের সক্রিয় ভূমিকা, নির্বাচনী প্রচারের কৌশল এবং ভোটারদের কাছে পৌঁছানোর পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দলীয় সূত্রে জানা গেছে, প্রতিটি বুথে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। পাশাপাশি নতুন ভোটারদের সঙ্গে সংযোগ বৃদ্ধি এবং রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সাফল্য মানুষের কাছে তুলে ধরার নির্দেশ দেওয়া হয়েছে।
বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “ধর্মনগর কেন্দ্রটি পূর্বে বিজেপি-এর দখলে ছিল এবং সংগঠনের শক্তির উপর ভর করেই আমরা আবারও এই কেন্দ্রটি বিপুল ভোটে জয় করতে পারব।” তিনি কর্মীদের উদ্দেশ্যে আহ্বান জানান, প্রত্যেকে যেন দায়িত্ব নিয়ে বাড়ি বাড়ি গিয়ে সরকারের উন্নয়নের বার্তা পৌঁছে দেন এবং ভোটারদের আস্থা অর্জন করেন।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ