
ডিব্রুগড় (অসম), ২৯ মাৰ্চ (হি.স.) : অসম বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে নির্বাচনী প্রচারে অংশ নিতে ডিব্রুগড়ে রয়েছেন ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। আজ রবিবার তিনি ডিব্রুগড়ের মোহনবাড়ি বিমানবন্দর প্রাঙ্গণে প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ কর্মসূচিতে দলীয় নেতা ও কার্যকর্তাদের সঙ্গে অংশগ্রহণ করেছেন।
‘মন কি বাত’ সম্পর্কে নীতিন বলেন, ‘প্রধানমন্ত্রী মোদী বিভিন্ন বিষয়ে কথা বলেছেন আজ। সবসময় বিভিন্ন অঞ্চল ও সমাজের সঙ্গে যুক্ত ব্যক্তিগত উদ্যোগগুলিকে গুরুত্ব দিয়ে থাকেন তিনি। তিনি বৈশ্বিক পরিস্থিতি সম্পর্কে স্পষ্ট বলেছেন, দেশ স্বাভাবিক অবস্থায় রয়েছে। তিনি জনগণকে আশ্বস্ত করেছেন, সরকারের নজর সবার প্রয়োজনের দিকেই রয়েছে।’
ডিব্রগড় থেকে মার্ঘেরিটা বিধানসভা এলাকার লিডো বাজার হাইস্কুলের খেলার মাঠে বর্তমান বিধায়ক ভাস্কর শর্মার সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় অংশ নেবেন নীতিন নবীন। এর পর জোনাই বিধানসভা এলাকার জোনাই হায়ার সেকেন্ডারি স্কুলের খেলার মাঠে বর্তমান বিধায়ক ভুবেন পেগুর সমর্থনে আয়োজিত সভায় তিনি ভাষণ দেবেন।
নীতিন নবীনের তৃতীয় জনসভা হবে গোগামুখে। সেখানে স্কিল সেন্টারে ধেমাজি ও লখিমপুর জেলার কার্যকর্তাদের সমাবেশে ভাষণ দেবেন। নৈশ যাপন করবেন গোগামুখ গেস্ট হাউসে।
উল্লেখ্য, আসন্ন অসম বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে সমগ্র রাজ্যে বিজেপির শীর্ষ নেতাদের নির্বাচনী প্রচার জোরকদমে চলছে। রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শনিবার দুদিনের সফরে এসেছেন। অন্যদিকে, কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহানও নির্বাচনী প্রচারকে আরও তীব্র করতে গত শুক্রবার রাতে গুয়াহাটিতে পৌঁছে একাধিক জনসভায় ভাষণ দিয়েছেন।
এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, মহারাষ্ট্র ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী সহ অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রীদের নির্বাচনী সভা পূর্ব নির্ধারিত রয়েছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস