
কলকাতা, ২৯ মার্চ (হি.স.): কলকাতা-সহ দক্ষিণবঙ্গে এবার ঝড়-বৃষ্টির পরিমাণ কমবে। তবে বিক্ষিপ্ত ভাবে দু’-এক জায়গায় বৃষ্টিপাত চলবে। আবার মঙ্গলবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ওই দিন দক্ষিণের সব জেলায় হলুদ সতর্কতা রয়েছে। সমুদ্রে দমকা হাওয়ার কারণে মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে। দমকা ঝোড়ো হাওয়ার গতি হতে পারে ঘণ্টায় ৬০ কিলোমিটার।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী দু’দিন গোটা রাজ্যে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমবে। তার পরে গরম বাড়বে রাজ্যে। পরের পাঁচ দিন দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। উত্তরবঙ্গে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে সামান্য কম।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ