
পুরুলিয়া, ২৯ মার্চ (হি.স.): পুরুলিয়ার মানবাজারে ভোটপ্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের প্রার্থী সন্ধ্যারানি টুডুর সমর্থনে পাথরকাটা ফুটবল গ্রাউন্ডে সভা মুখ্যমন্ত্রীর। সেখান থেকে রবিবার তিনি বলেন, যুবসাথী ভিক্ষা বা ভাতা নয়। এটা হাতখরচ। এটা পকেটমানি। মানবাজারের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যাঁরা দরখাস্ত করেও টাকা পাননি, তাঁদেরগুলো ডুপ্লিকেট হয়ে গিয়েছে। এর পরে তাঁদের ডেকে তা সংশোধন করা হবে। সকলেই পাবেন এই টাকা।
প্রসঙ্গত, যুবসাথীর এই দেড় হাজার টাকাকে অনেকেই ‘ভিক্ষার টাকা’ বলে কটাক্ষ করেছে। তাদের দাবি, চাকরি দিতে অক্ষম সরকার ভাতা দিয়ে ভোট কিনতে চাইছে। আবার বিজেপির মতো বিরোধীরা এই প্রকল্পগুলিকে সামনে রেখেই ভোটে জিতলে দ্বিগুণ টাকার কথাও বলছে। এ নিয়েও এ দিন মমতা বলেন, যুবসাথী ভিক্ষা বা ভাতা নয়। যাঁরা আবেদন করছেন, তাঁদেরও একদিন জীবিকা হবে। এটা পকেটমানি। যাতে তাঁরা নিজের পায়ে দাঁড়াতে পারেন।
রাজনৈতিক মহলের মতে, একুশের বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন। কিন্তু এবার তাঁর কৌশল আলাদা। প্রতিশ্রুতি দিয়ে ভোটের জন্য অপেক্ষা না করে, নির্ঘণ্ট ঘোষণার ঠিক আগেই উপভোক্তাদের পকেটে সরাসরি টাকা পৌঁছে দিয়েছেন তিনি। কিন্তু সেই পরিকল্পনায় তাল কাটছে ‘টেকনিক্যাল’ জট। শুধু যুবসাথী নয়, একাধিক জেলায় লক্ষ্মীর ভাণ্ডারের চলতি মাসের টাকাও এখনও মেলেনি বলে অভিযোগ।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ