
কলকাতা, ৩০ মার্চ (হি.স.): প্রতাপ চন্দ্র মেমোরিয়াল হোমিওপ্যাথিক কলেজ ও হাসপাতালের শতবর্ষে পদার্পণ উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হল। তিলোত্তমার অন্যতম প্রাচীন এই শিক্ষা প্রতিষ্ঠানের গৌরবময় পথচলাকে সম্মান জানাতে সোমবার জোড়াসাঁকোর রথীন্দ্র মঞ্চে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কলেজের প্রাক্তন ও বর্তমান পড়ুয়াদের পাশাপাশি বিশিষ্ট চিকিৎসক ও গুণীজনরা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলায় হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষার প্রসার এবং গবেষণায় এই প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সুলভ চিকিৎসা পরিষেবা প্রদানের মাধ্যমে সাধারণ মানুষের অবিচল আস্থা অর্জন করেছে এই কলেজটি।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত চিকিৎসক ডঃ রামজি সিং, ডঃ ভাবতোষ বিশ্বাস, ডঃ অভিজিৎ চ্যাটার্জী সহ আরও অনেকে। অনুষ্ঠানে প্রবীণ চিকিৎসকদের বিশেষ সংবর্ধনা জানানো হয় এবং তাঁদের দীর্ঘ পেশাগত অভিজ্ঞতা নতুন প্রজন্মের চিকিৎসকদের সামনে তুলে ধরা হয়।আয়োজকদের মতে, এই শতবর্ষ উদযাপন কেবল অতীতের স্মৃতিচারণ নয়, বরং ভবিষ্যতের দিশারি। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে সামঞ্জস্য রেখে হোমিওপ্যাথিকে আরও বেশি গবেষণাভিত্তিক এবং জনমুখী করে তোলার লক্ষ্যেই এগিয়ে চলেছে শতবর্ষ প্রাচীন এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত