
নয়াদিল্লি, ৩০ মার্চ (হি.স.): দেশের বিভিন্ন স্কুল, হাই কোর্ট এবং সরকারি দফতরে হাজারেরও বেশি ভুয়ো বোমা-হুমকি ইমেল পাঠানোর অভিযোগে কর্নাটক থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। অভিযুক্তের নাম শ্রীনিবাস লুইস। সোমবার দিল্লি পুলিশ সূত্রে জানা গেছে, দিল্লি পুলিশ এবং কর্নাটক পুলিশের যৌথ অভিযানে তাঁকে ভাড়া বাড়ি থেকে ধরা হয়। পুলিশ জানায়, লুইস স্নাতকোত্তর ডিগ্রিধারী এবং কর্নাটকের বেঙ্গালুরুর বাসিন্দা। বর্তমানে তিনি বেকার এবং মায়ের সঙ্গে থাকেন। মা অবসরপ্রাপ্ত সরকারি কর্মী। প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে, তিনি মানসিক চাপে ছিলেন। দাবি, জিজ্ঞাসাবাদে তিনি ইমেল ও হুমকির বার্তা পাঠানোর কথা স্বীকার করেছেন। পুলিশ জানিয়েছে, বোমা রাখার হুমকি মেল আদালত, শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য সরকারি প্রতিষ্ঠানে আসতেই সব জায়গা থেকে লোকজন ও পড়ুয়াদের সরিয়ে জোরদার তল্লাশি চালানো হতো। বোমা নিষ্ক্রিয়কারী দল ও স্নিফার ডগ নিয়ে গিয়ে তন্নতন্ন করে তল্লাশি চালানো হতো বোমা খুঁজতে। কিন্তু বোমা মিলত না।
সম্প্রতি দিল্লি হাইকোর্ট, দিল্লি বিধানসভা, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও বহু স্কুল বোমা মেরে ওড়ানোর হুমকি দিয়ে ইমেল পাঠানো হয়। তার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, মাইসুরু থেকে ওই সব ইমেল পাঠানো হয়েছিল। ইমেলে কখনও বোমা বিস্ফোরণের সময় উল্লেখ করা থাকত, কখনও সরকারি প্রতিষ্ঠানে বোমা রাখা রয়েছে বলে উল্লেখ থাকত। আবার কখনও বলা হতো, যে কোনও সময় বোমা বিস্ফোরণ হতে পারে। লুইসকে জেরা করে প্রাথমিক ভাবে তদন্তকারীরা মনে করছেন মানসিক হতাশা থেকেই বোমা রাখার উড়ো হুমকি দিতেন তিনি। পুলিশের দাবি, জেরায় লুইস স্বীকার করেছেন, দিল্লি-সহ দেশের একাধিক রাজ্যে তিনি গত কয়েক মাসে অন্তত ১১০০ ভুয়ো হুমকি ইমেল পাঠিয়েছেন।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ