
নয়াদিল্লি, ৩০ মার্চ (হি.স.): পশ্চিম এশিয়ার চলমান অস্থিরতার মধ্যে কুয়েতে এক ভারতীয় নাগরিকের মৃত্যুকে ঘিরে শোকপ্রকাশ করল কেন্দ্রীয় সরকার। ২৯ মার্চ কুয়েতে এক হামলায় ওই ভারতীয়ের মৃত্যু হয় বলে জানা গিয়েছে।
বিদেশ মন্ত্রকের যুগ্মসচিব (গালফ) অসীম মহাজন সোমবার এক আন্তঃমন্ত্রক সাংবাদিক বৈঠকে জানান, “এই দুর্ভাগ্যজনক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। মৃতের পরিবারের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা রইল।” তিনি জানান, কুয়েতে ভারতীয় দূতাবাস ইতিমধ্যেই পরিবারের সঙ্গে যোগাযোগ রেখে চলছে এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে মৃতদেহ দ্রুত ভারতে ফিরিয়ে আনার ব্যবস্থা করছে।
মহাজন আরও বলেন, সাম্প্রতিক একাধিক ঘটনায় মোট আট জন ভারতীয়ের মৃত্যু হয়েছে এবং এখনও একজন নিখোঁজ রয়েছেন। পশ্চিম এশিয়া ও উপসাগরীয় অঞ্চলের পরিস্থিতির উপর বিদেশ মন্ত্রক কড়া নজর রাখছে বলেও জানান তিনি। ওই অঞ্চলে বসবাসকারী ভারতীয়দের নিরাপত্তা ও সুরক্ষাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।
এছাড়া,দেশগুলিতে থাকা ভারতীয় ছাত্রছাত্রীদের শিক্ষার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সিবিএসই ইতিমধ্যেই দশম ও দ্বাদশ শ্রেণির ফল প্রকাশ সংক্রান্ত মূল্যায়ন পদ্ধতি ঘোষণা করেছে। আইসিএসই, কেরল বোর্ড, জেইই ও নিট পরীক্ষাকে ঘিরে উদ্বেগ দূর করতে অভিভাবক ও ছাত্রদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।
সরকারি তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত প্রায় ৫ লক্ষ ৫০ হাজার যাত্রী ওই অঞ্চল থেকে ভারতে ফিরেছেন। সংযুক্ত আরব আমিরশাহী থেকে প্রতিদিন প্রায় ৮৫টি বিমান ভারতে আসছে। সৌদি আরব, ওমান এবং আংশিকভাবে খোলা কাতারের আকাশপথ থেকেও উড়ান চালু রয়েছে। তবে কুয়েত ও বাহরাইনের আকাশপথ এখনও বন্ধ রয়েছে।
সমুদ্রপথেও ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানানো হয়েছে। বর্তমানে পারস্য উপসাগরে ১৮টি ভারতীয় জাহাজে ৪৮৫ জন নাবিক রয়েছেন এবং তাঁরা সবাই নিরাপদে আছেন। সম্প্রতি দুটি এলপিজি বাহক জাহাজ হরমুজ প্রণালী পার করে ভারতের উদ্দেশে রওনা দিয়েছে, যাতে প্রায় ৯৪ হাজার মেট্রিক টন গ্যাস রয়েছে।
সরকারের তরফে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতিতে ভারতীয় নাগরিকদের নিরাপদে দেশে ফেরাতে সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং পরিস্থিতির উপর সর্বক্ষণ নজর রাখা হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য