
ভুবনেশ্বর, ৩০ মার্চ (হি.স.): প্রয়াত স্বাধীনতা সংগ্রামী ও ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজু পট্টনায়ককে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের কড়া সমালোচনা করলেন বিজেডি সভাপতি নবীন পট্টনায়ক। সোমবার তিনি বলেন, সাংসদ নিশিকান্ত দুবে বিজু বাবুকে (বিজু পট্টনায়ক) নিয়ে যেসব আপত্তিকর মন্তব্য করেছেন, তা শুনে আমি বিস্মিত হয়েছি। আমার মনে হয় তিনি জানেন না যে, বিজু বাবু যখন ওড়িশার মুখ্যমন্ত্রী ছিলেন, তখন প্রধানমন্ত্রী নেহরু দিল্লিতে তাঁর নিজের দফতরের ঠিক পাশেই বিজু বাবুর জন্য একটি দফতর বরাদ্দ করেছিলেন| যাতে তিনি কৌশল প্রণয়ন করতে পারেন এবং চিনের আগ্রাসনের মোকাবিলা করতে পারেন। সেই সময়ে আমার বয়স খুব কম ছিল, কিন্তু আমার স্পষ্ট মনে আছে, চিনের আক্রমণের মুখে বিজু বাবু কতটা নির্ভীক ছিলেন এবং সেই আক্রমণ প্রতিহত করার জন্য তিনি কতটা অসামান্য ভূমিকা পালন করেছিলেন। আমার মনে হয়, এমন সব আপত্তিকর কথা বলার জন্য নিশিকান্ত দুবের মানসিক চিকিৎসার প্রয়োজন।
যদিও নিশিকান্ত এই প্রসঙ্গে পরে জানান, তিনি বিজু পট্টনায়ককে অসম্মান করতে চাননি, বরং কংগ্রেসের সমালোচনা করতে চেয়েছিলেন।
এদিকে, নবীন পট্টনায়ক এদিন আরও বলেন, আমি এর সঙ্গে এটাও যোগ করতে চাই যে, গতকাল ভুবনেশ্বরে এক মহিলা বিধায়কের বাসভবনে হামলা চালানো হয়েছে। এই ঘটনাটি কেবল স্তম্ভিত করার মতোই নয়, বরং এটি সম্পূর্ণ অগণতান্ত্রিক আচরণ। হামলার সময় ওই বাড়িতে তাঁর পরিচারিকা একাই ছিলেন এবং তাঁকে চরমভাবে অপমানিত হতে হয়েছে। যখন এমন সব ঘটনা ঘটে, তখন গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে যে কারওর মনেই প্রশ্ন জাগাটা স্বাভাবিক।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ