
আগরতলা, ৩০ মার্চ (হি.স.) : দীর্ঘদিন ধরে বকেয়া স্কলারশিপের অর্থ না পাওয়ার অভিযোগে সরব হল জনজাতি ছাত্রছাত্রীরা। সোমবার রাজধানী আগরতলায় গোর্খাবস্তি এলাকায় জনজাতি কল্যাণ দফতরের অফিস ঘেরাও করে ধর্নায় বসেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারা। তাঁদের দাবি, অবিলম্বে বকেয়া স্কলারশিপ মেটাতে হবে এবং সমস্যার স্থায়ী সমাধান নিশ্চিত করতে হবে।
সকালের দিক থেকেই বিভিন্ন এলাকা থেকে ছাত্রছাত্রীরা দফতরের সামনে জড়ো হতে শুরু করেন। পরে তাঁরা বিক্ষোভ প্রদর্শন করে দফতর ঘেরাও করেন এবং স্লোগান দিতে থাকেন। বিক্ষোভকারীদের অভিযোগ, বহুদিন ধরে স্কলারশিপের টাকা না পাওয়ায় পড়াশোনায় মারাত্মক সমস্যার মুখে পড়তে হচ্ছে জনজাতি সম্প্রদায়ের শিক্ষার্থীদের।
পড়ুয়াদের একাংশ জানান, স্কলারশিপের অর্থই তাঁদের পড়াশোনার প্রধান ভরসা। এই টাকা না পাওয়ায় কলেজ ফি, বইপত্র কেনা, হোস্টেল খরচসহ নিত্যপ্রয়োজনীয় ব্যয় মেটাতে চরম আর্থিক সংকটে পড়তে হচ্ছে। অনেক ক্ষেত্রে পড়াশোনা ছেড়ে দেওয়ার পরিস্থিতিও তৈরি হচ্ছে বলে তাঁরা দাবি করেন।
তাঁদের আরও অভিযোগ, বিষয়টি নিয়ে একাধিকবার সংশ্লিষ্ট দফতরের কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হলেও কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়েই তাঁরা আন্দোলনের পথ বেছে নিতে বাধ্য হয়েছেন।
এদিন বিক্ষোভকারীরা স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা। প্রয়োজনে রাজ্যজুড়ে আন্দোলন ছড়িয়ে দেওয়ার কথাও জানান ছাত্রনেতারা।
অন্যদিকে, বিক্ষোভকে কেন্দ্র করে গোর্খাবস্তি এলাকায় কিছুটা উত্তেজনার পরিবেশ সৃষ্টি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয় পুলিশ বাহিনী। প্রশাসনের পক্ষ থেকে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করা হয় বলে জানা গেছে।
তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বকেয়া স্কলারশিপ সংক্রান্ত সমস্যার কোনও চূড়ান্ত সমাধান মেলেনি। শিক্ষার্থীদের দাবি, দ্রুত অর্থ মিটিয়ে দিয়ে তাঁদের ভবিষ্যৎ অনিশ্চয়তার হাত থেকে রক্ষা করুক সরকার।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ