
আগরতলা, ৩০ মার্চ (হি.স.) : ত্রিপুরায় সরকারি কর্মচারীদের জন্য ৫ শতাংশ মহার্ঘ্য ভাতা (ডিএ) বৃদ্ধির সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ধন্যবাদ রেলির আয়োজন করা হয়। জনকল্যাণমুখী বাজেটের অংশ হিসেবে গৃহীত এই সিদ্ধান্তের জন্য মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা এবং ত্রিপুরা সরকারকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাতে সোমবার ৮-টাউন বড়দোয়ালী বিজেপি মণ্ডলের উদ্যোগে এই রেলি অনুষ্ঠিত হয়।
এদিন রাজধানী আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে রেলি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে। রেলিতে বিপুল সংখ্যক দলীয় কর্মী-সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়, যা কার্যত এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে। অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানান এবং মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রেলিতে উপস্থিত ছিলেন ৮-টাউন বড়দোয়ালী বিজেপি মণ্ডল সভাপতি শ্যামল দেব, প্রদেশ বিজেপি সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।
বিজেপি মণ্ডল সভাপতি শ্যামল দেব জানান, বর্তমান বৈশ্বিক অস্থিরতা ও বিভিন্ন দেশের যুদ্ধকালীন পরিস্থিতির প্রেক্ষাপটে যখন বিশ্ব অর্থনীতি চ্যালেঞ্জের মুখে, তখন রাজ্য সরকারের পক্ষ থেকে ডিএ বৃদ্ধি সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত স্বস্তিদায়ক পদক্ষেপ।
তিনি আরও বলেন, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পেট্রোল ও ডিজেলের উপর এক্সাইজ শুল্ক ১০ টাকা হ্রাসের ফলে সাধারণ মানুষের উপর জ্বালানির মূল্যবৃদ্ধির চাপ কিছুটা কমেছে। এই উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান তিনি।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ